দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। শনিবার (২৩ মে) সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, দিনাজপুরগামী মালবাহী ট্রাকের সঙ্গে গ্রামীণ সড়ক থেকে পাকা সড়কে উঠতে থাকা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। তখন মোটরসাইকেলে থাকা তিনজন ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অন্য দুইজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন, উপজেলার নুরপুর গ্রামের মো. আব্দুল মোশারফ ও মোসা. শাবানা দম্পতির ছেলে আলামিন (১৫), মোখলেসপুর গ্রামের সালিম উদ্দিন ও মোসা. শাহিনা বেগম দম্পতির ছেলে সৈকত (১৬) ও আফসারাবাদ কলোনির শমসের উদ্দিনের ছেলে কাইয়ুম (২০)।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ট্রাক ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সময়ের আলো/জোই