রাজশাহীর পদ্মা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরীর বড়কুঠির পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। এদিন বিকেলে এক মাঝি লাশটি ভাসতে দেখে। খবর পেয়ে নৌ পুলিশ ও বোয়ালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তা উদ্ধার করে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। লাশ ফুলে যাওয়ায় বয়সও নির্ধারণ করা যাচ্ছে না। বয়স ও মৃত্যুর সঠিক কারণ জানতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, মরদেহের গলায় একটি গামছা প্যাঁচানো ছিল। এ কারণে এটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি এই এলাকায় ঘটেছে, নাকি অন্য কোথাও থেকে লাশটি নদীর স্রোতে ভেসে এসেছে, সে বিষয়েও তদন্ত চলছে।
/মহু