রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যার বিচার সাত দিনের মধ্যেই সম্পন্ন এবং আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৪ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্যাতন এবং ধর্ষণের ঘটনা সহ্যসীমার বাইরে চলে যাচ্ছে। এসব ক্ষেত্রে দ্রুত আসামিদের যাতে গ্রেফতার করা যায়, সেই চেষ্টা করে যাচ্ছে সরকার। এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। আর রামিসার ঘটনায় সাত ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে অপরাধীকে।
ঢাকায় প্রায় ৮০ হাজার মাদকের মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, অফলাইন ও অনলাইনসহ সব ধরনের জুয়া, বেটিং রোধে আইন করছে সরকার। এ সংক্রান্ত ১৮৬৭ সালের আইনের সংস্কার করা হবে। আগামী সংসদেই আইনটি উত্থাপিত হবে।
তিনি বলেন, আমরা চাই শেখ হাসিনা বিচারের মুখোমুখি হোক। ভারত বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরত দেবে, এটাই সরকারের প্রত্যাশা।
মন্ত্রী বলেন, দেশের সার্বিক শৃঙ্খলা সৃষ্টি ও বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে বিএনপির ৩১ দফার মধ্যে রিকন্সিলিয়েশন কমিশন করার একটি ধরে রাখা হয়েছিল। সেই অবস্থানে এখনো সরকার রয়েছে। তবে এটা করা হবে কি না, সেটা এখনই বলা সম্ভব নয়। অগ্রধিকারমূলক কাজগুলোর মধ্যে এটি এখনও নেই।
তিনি আরও বলেন, এখন থেকে পাসপোর্টে আবারও একসেপ্ট ইসরায়েল শব্দটি নিযুক্ত করা হবে।
সময়ের আলো/আআ