পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় সৈন্যবাহী একটি ট্রেনে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ২৪ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি রোববারের এই হামলার দায় স্বীকার করেছে।
ঘটনাস্থল থেকে আল-জাজিরার প্রতিবেদক কামাল হায়দার জানান, রেললাইনের পাশের বেশ কয়েকটি বাড়ি ও ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় কয়েকটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায় এবং আগুন ধরে যায়।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কোয়েটা-এর সরকারি হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দ্রুত দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পুড়ে যাওয়া যানবাহন ও ট্রেনের বগিগুলো রেললাইনের পাশে ছড়িয়ে রয়েছে এবং সেখান থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উঠছে।
কামাল হায়দার বলেন, সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর হামলা বেড়েছে। বিশেষ করে বেলুচিস্তানে চীনের অবকাঠামো প্রকল্পের বিরোধিতার কারণে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। হামলাগুলোতে চীনা শ্রমিকদেরও লক্ষ্যবস্তু করা হয়েছে। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পের মাধ্যমে চীনের জিনজিয়াং অঞ্চলকে পাকিস্তানের গোয়াদার বন্দরের সঙ্গে যুক্ত করা হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক্সে দেওয়া এক পোস্টে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
তিনি বলেন, এ ধরনের কাপুরুষোচিত সন্ত্রাসী কর্মকাণ্ড পাকিস্তানের জনগণের মনোবল ভেঙে দিতে পারবে না। সন্ত্রাসবাদের সব রূপ ও প্রকাশ নির্মূলে আমরা অটল রয়েছি।
/ইউএমএইচ