প্রতিবছরের মতো এবারও বাংলাসহ ৫০টিরও বেশি ভাষায় পবিত্র হজের খুতবার অনুবাদ সরাসরি সম্প্রচার করা হবে। সৌদি আরবের পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর তত্ত্বাবধানকারী জেনারেল প্রেসিডেন্সি বিভাগের অধীনে এই বিশেষ কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। এ নিয়ে টানা সপ্তম বারের মতো বাংলা ভাষায় হজের খুতবার অনুবাদ সম্প্রচার হতে যাচ্ছে।
এ বছর খুতবার বাংলা অনুবাদ ও উপস্থাপনা কার্যক্রমে যুক্ত রয়েছেন চারজন বাংলাদেশি গবেষক। তারা হলেন- ড. মুহাম্মদ খলীলুর রহমান, ড. আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ফারুক ও নাজমুস সাকিব। তারা সবাই মক্কার বিখ্যাত উম্মুল কুরা ইউনিভার্সিটিতে বিভিন্ন সময়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।
পবিত্র মসজিদুল হারামের খুতবা অনুবাদ প্রকল্পের বাংলা বিভাগের পরিচালক ড. মুহাম্মদ খলীলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এবারসহ মোট পাঁচবার তিনি হজের খুতবা অনুবাদ কার্যক্রমে যুক্ত থেকে দায়িত্ব পালন করছেন। এই টিমের সকল সদস্যই অনুবাদে অংশ নেন। তবে মূল উপস্থাপনায় থাকেন দুজন। ড. মুহাম্মদ খলীলুর রহমান এর আগে দুই বার হজের খুতবার অনুবাদ সরাসরি উপস্থাপনও করেছেন।
সময়ের আলো/জেডআই