হাদিস সংরক্ষণে সনদ ও ইজাজতের হাজার বছরের ঐতিহ্য

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

ইসলামি জ্ঞানচর্চায় শুধু জ্ঞান অর্জনই গুরুত্বপূর্ণ নয়, সেই জ্ঞানের বিশুদ্ধতা, প্রামাণিকতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। কোনো বক্তব্যের উৎস

2026-11-28T16:24:30+00:00
2026-11-28T16:24:30+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
ইসলাম
হাদিস সংরক্ষণে সনদ ও ইজাজতের হাজার বছরের ঐতিহ্য
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৪:২৪ পিএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
ইসলামি জ্ঞানচর্চায় শুধু জ্ঞান অর্জনই গুরুত্বপূর্ণ নয়, সেই জ্ঞানের বিশুদ্ধতা, প্রামাণিকতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। কোনো বক্তব্যের উৎস কী, কার কাছ থেকে তা বর্ণিত হয়েছে এবং ধারাবাহিকভাবে পরবর্তী প্রজন্মের কাছে কতটা নির্ভুলভাবে পৌঁছেছে—এসব বিষয় যাচাইয়ের জন্য মুসলিম মনীষীরা গড়ে তুলেছেন সুসংবদ্ধ পদ্ধতি। এর অন্যতম গুরুত্বপূর্ণ দুটি উপাদান হলো সনদ ও ইজাজতব্যবস্থা।

বিশেষ করে হাদিসশাস্ত্রে সনদব্যবস্থা জ্ঞান যাচাই ও সংরক্ষণের এক অনন্য দৃষ্টান্ত। অন্যদিকে ইজাজতব্যবস্থা শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ককে দিয়েছে ধারাবাহিকতা ও জবাবদিহির কাঠামো। কয়েক শতাব্দী ধরে মুসলিম বিশ্বের মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন জ্ঞানকেন্দ্রে এই দুই ব্যবস্থার চর্চা ইসলামি শিক্ষার ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সনদব্যবস্থা কী

আরবি ‘সনদ’ শব্দের অর্থ নির্ভর করা বা অবলম্বন করা। হাদিসশাস্ত্রের পরিভাষায় কোনো হাদিসের মূল বক্তব্য বা মতন পর্যন্ত পৌঁছানোর জন্য যেসব বর্ণনাকারী ধারাবাহিকভাবে যুক্ত থাকেন, তাদের পরম্পরাকে সনদ বলা হয়। আর ‘ইসনাদ’ বলতে কোনো বর্ণনাকে তার বর্ণনাসূত্রের সঙ্গে সম্পৃক্ত করার প্রক্রিয়াকে বোঝায়।

একটি হাদিস মূলত দুটি অংশে গঠিত—সনদ ও মতন। সনদে বর্ণনাকারীদের পরিচয় ও ধারাবাহিকতা থাকে। আর মতনে সংরক্ষিত থাকে হাদিসের মূল বক্তব্য। (ইবনুস সালাহ, মুকাদ্দিমাতু ইবনিস সালাহ, সম্পাদনা : নুরুদ্দিন ইতর, দারুল ফিকর, দামেস্ক, ১৯৮৬)

ইসলামের প্রাথমিক যুগে সাহাবিরা রাসুলের বাণী, কর্ম ও অনুমোদন সরাসরি প্রত্যক্ষ করে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতেন। তাবেয়ি ও তাদের পরবর্তী প্রজন্মের মুহাদ্দিসরা সাহাবিদের কাছ থেকে হাদিস গ্রহণ করেন। এভাবেই হাদিস বর্ণনার ধারাবাহিক পরম্পরা গড়ে ওঠে।

তবে সময়ের সঙ্গে রাজনৈতিক বিভক্তি, বিভিন্ন মতাদর্শের উত্থান এবং হাদিসের নামে মিথ্যা বর্ণনা প্রচলনের আশঙ্কা দেখা দিলে বর্ণনাকারীদের পরিচয় ও গ্রহণযোগ্যতা যাচাইয়ের প্রয়োজনীয়তা আরও বেড়ে যায়।

এ প্রসঙ্গে তাবেয়ি মুহাম্মদ ইবনে সিরিন বলেন, ‘প্রথম দিকে মানুষ সনদ সম্পর্কে জিজ্ঞাসা করত না। কিন্তু যখন ফিতনা দেখা দিল, তখন তারা বলতে শুরু করল, তোমাদের বর্ণনাকারীদের নাম বলো। এরপর ‘আহলুস সুন্নাহ’র বর্ণনা গ্রহণ করা হতো এবং বিদআতিদের বর্ণনা গ্রহণ করা হতো না।’ (সহিহ মুসলিম, মুকাদ্দিমা, বাবু বায়ানি আন্নাল ইসনাদা মিনাদ দীন, ১/১৪–১৫, দারু ইহইয়াইত তুরাসিল আরাবি, বৈরুত)


বর্ণনাকারী যাচাইয়ে স্বতন্ত্র শাস্ত্র

হাদিসের সনদ যাচাইয়ের জন্য মুসলিম মুহাদ্দিসরা গড়ে তোলেন দুটি গুরুত্বপূর্ণ জ্ঞানশাস্ত্র—‘ইলমুর রিজাল’ ও ‘জারহ-তাদিল’।

ইলমুর রিজাল শাস্ত্রে হাদিসের বর্ণনাকারীদের জীবন, পরিচয়, শিক্ষাগুরু, শিক্ষার্থী ও বর্ণনাগত যোগ্যতা সম্পর্কে তথ্য সংরক্ষণ করা হয়। অন্যদিকে জারহ-তাদিল শাস্ত্রে তাদের নির্ভরযোগ্যতা ও দুর্বলতা মূল্যায়ন করা হয়। আধুনিক গবেষণায় তথ্যের উৎস ও গ্রহণযোগ্যতা যাচাইয়ের সঙ্গে এ পদ্ধতির তুলনা করা যায়।

কোনো হাদিস গ্রহণযোগ্য কি না, তা নির্ধারণে সনদের ধারাবাহিকতা, বর্ণনাকারীদের ন্যায়পরায়ণতা বা আদালত, স্মৃতিশক্তি বা জবত এবং বর্ণনার নির্ভুলতা বিশেষভাবে বিবেচনা করা হয়।

এ ক্ষেত্রে ইমাম ইয়াহইয়া ইবনে মাইন, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারি ও ইমাম মুসলিমের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। ইমাম বুখারির আত-তারিখুল কাবির এবং হাফিজ আল-মিজ্জির তাহজিবুল কামাল ফি আসমাইর রিজাল এ ধারার গুরুত্বপূর্ণ সংকলন।

বর্ণনাকারীদের যোগ্যতা ও সনদের ধারাবাহিকতা যাচাইয়ের মধ্য দিয়ে সহিহ, হাসান ও জইফসহ হাদিসের বিভিন্ন শ্রেণিবিন্যাস এবং সেগুলোর গ্রহণযোগ্যতার নীতিমালা সুসংবদ্ধ রূপ লাভ করে। (ইবনুস সালাহ, মুকাদ্দিমাতু ইবনিস সালাহ, ১৯৮৬)

এ প্রসঙ্গে ইমাম আবদুল্লাহ ইবনে মোবারকের একটি কালজয়ী উক্তি রয়েছে, ‘ইসনাদ ধর্মেরই অংশ। ইসনাদ না থাকলে যে কেউ যা ইচ্ছা তা-ই বলতে পারত।’ (ইমাম মুসলিম, সহিহ মুসলিম, মুকাদ্দিমা, ১/১৫)

ইজাজতব্যবস্থার উদ্ভব ও বিকাশ

‘ইজাজত’ আরবি শব্দ। এর অর্থ অনুমতি প্রদান বা অনুমোদন করা। হাদিসশাস্ত্রের পরিভাষায় কোনো শিক্ষক বা শায়খ তার শিক্ষার্থীকে নির্দিষ্ট হাদিস, গ্রন্থ কিংবা বর্ণনাসমূহ অন্যের কাছে বর্ণনা করার যে অনুমতি দেন, তাকে ইজাজত বলা হয়। এটি জ্ঞান গ্রহণ ও পরবর্তী প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার স্বীকৃত পদ্ধতি।

প্রাথমিক যুগে হাদিস গ্রহণের প্রধান পদ্ধতি ছিল সরাসরি শিক্ষকের কাছ থেকে শোনা বা সামা এবং শিক্ষকের সামনে পাঠ করে শোনানো বা কিরাআত। পরবর্তী সময়ে জ্ঞানচর্চার বিস্তার, শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি এবং বিভিন্ন অঞ্চলে মুহাদ্দিসদের সফরের কারণে ইজাজতসহ হাদিস গ্রহণ ও বর্ণনার অন্যান্য পদ্ধতির ব্যবহারও বাড়তে থাকে।

ইমাম খতিব বাগদাদি (রহ.) হাদিস গ্রহণ ও বর্ণনার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন। পরে ইবনুস সালাহ (রহ.) তার মুকাদ্দিমা গ্রন্থে এ ক্ষেত্রে আটটি প্রসিদ্ধ পদ্ধতির বিবরণ দেন। সেগুলো হলো—সামা, কিরাআত, ইজাজত, মুনাওয়ালাহ, মুকাতাবাহ, ইলাম, ওসিয়ত ও উইজাদাহ। (বাগদাদি, আল-কিফায়া ফি ইলমির রিওয়ায়া, ১/২১৪ ও ৩৩৬, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, বৈরুত, ১৯৮৮; ইবনুস সালাহ, মুকাদ্দিমাতু ইবনিস সালাহ)

মুসলিম শিক্ষাব্যবস্থায় সনদ ও ইজাজতের প্রভাব

সনদ ও ইজাজতব্যবস্থা শুধু হাদিসশাস্ত্রের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। ধীরে ধীরে এটি মুসলিম বিশ্বের বৃহত্তর শিক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। মধ্যযুগে বাগদাদ, দামেস্ক, কায়রো ও নিশাপুরের মতো জ্ঞানকেন্দ্রগুলোতে শিক্ষার্থীরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে খ্যাতিমান আলেমদের কাছে পড়াশোনা করতেন। অধ্যয়ন শেষে তারা ইজাজত লাভ করতেন।

অনেক সময় ইজাজতনামায় সংশ্লিষ্ট শিক্ষকের পাশাপাশি তার পূর্ববর্তী শিক্ষকদের নামও উল্লেখ থাকত। ফলে জ্ঞানচর্চার ধারাবাহিকতা ও শিক্ষক-শিক্ষার্থীর পরম্পরা লিখিতভাবে সংরক্ষিত হতো।

বদরুদ্দিন ইবনে জামাআ (রহ.) দেখিয়েছেন, মুসলিম শিক্ষাব্যবস্থায় জ্ঞান অর্জন শুধু পাঠ্যবিষয় আয়ত্ত করার মধ্যে সীমাবদ্ধ ছিল না। শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক, শিষ্টাচার ও নৈতিক দায়বদ্ধতাও ছিল এর অবিচ্ছেদ্য অংশ। (ইবনে জামাআ, তাজকিরাতুস সামি ওয়াল মুতাকাল্লিম ফি আদাবিল আলিম ওয়াল মুতাআল্লিম, দারুল বাশায়িরিল ইসলামিয়্যাহ, বৈরুত, ২০১২)

ইজাজতব্যবস্থার আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, এটি শুধু পুরুষদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। ইসলামি ইতিহাসে কারিমাহ আল-মারওয়াজিয়্যাহ ও ফাতিমা বিনতে সাদ আল-খায়রের মতো বহু বিদুষী নারী মুহাদ্দিস ছিলেন। তাদের কাছ থেকেও বড় বড় পুরুষ ও নারী আলেম হাদিসের সনদ ও ইজাজত গ্রহণ করেছেন। (মোহাম্মদ আকরাম নদভি, আল-মুহাদ্দিসাত: দ্য উইমেন স্কলার্স ইন ইসলাম, ইন্টারফেস পাবলিকেশনস, অক্সফোর্ড, ২০০৭)

আধুনিক শিক্ষাব্যবস্থার ইতিহাসেও ইজাজতের প্রভাব নিয়ে আলোচনা রয়েছে। ইতিহাসবিদ জর্জ মাকদিসি তার গবেষণায় দেখিয়েছেন, মধ্যযুগের ইসলামি শিক্ষাব্যবস্থায় পাঠদান ও ফতোয়া প্রদানের অনুমতি বা ইজাজাতুত তাদরিস ওয়াল ইফতা থেকে পরবর্তী সময়ে ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ‘লাইসেন্সিয়া দোসেন্দি’ বা পাঠদানের সনদ এবং আধুনিক ডক্টরেট ডিগ্রির ধারণা বিকশিত হয়েছে। (জর্জ মাকদিসি, দ্য রাইজ অব কলেজেস : ইনস্টিটিউশনস অব লার্নিং ইন ইসলাম অ্যান্ড দ্য ওয়েস্ট, এডিনবরা ইউনিভার্সিটি প্রেস, ১৯৮১)


জ্ঞান সংরক্ষণে সনদব্যবস্থার স্বাতন্ত্র্য

প্রাচীন গ্রিস, ভারত ও পারস্যেও শিক্ষক-শিক্ষার্থীর মাধ্যমে জ্ঞান স্থানান্তরের ঐতিহ্য ছিল। তবে ইসলামি জ্ঞানচর্চায় সনদব্যবস্থা একটি স্বতন্ত্র ও সুসংবদ্ধ রূপ লাভ করে। হাদিসশাস্ত্রের পাশাপাশি কোরআন পাঠ ও কিরাআতশাস্ত্রেও বিশুদ্ধতা সংরক্ষণে শিক্ষক-শিক্ষার্থীর ধারাবাহিক সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। (ইবনুল জাজারি, আন-নাশর ফিল কিরাআতিল আশর, ১/৫৮, আল-মাতবাআতুত তিজারিয়্যাহ আল-কুবরা, কায়রো)

তবে সনদ বা ইজাজত থাকলেই কোনো বক্তব্য স্বয়ংক্রিয়ভাবে বিশুদ্ধ হয়ে যায় না। একইভাবে ইজাজতপ্রাপ্ত কোনো ব্যক্তি সংশ্লিষ্ট শাস্ত্রে সর্বোচ্চ দক্ষতার অধিকারী—এমনটিও নিশ্চিত নয়। সনদ মূলত বর্ণনার ধারাবাহিকতা নির্দেশ করে, আর ইজাজত নির্দিষ্ট গ্রন্থ বা বর্ণনা অন্যের কাছে পৌঁছে দেওয়ার স্বীকৃতি দেয়। এর পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির প্রকৃত যোগ্যতা ও বিষয়বস্তুর বিশুদ্ধতা যাচাই করাও জরুরি।

সমকালীন সময়ে সনদ ও ইজাজতের প্রাসঙ্গিকতা

আধুনিক যুগে ডিজিটাল মাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে তথ্য ও জ্ঞান প্রচারের গতি বহুগুণ বেড়েছে। কিন্তু তথ্যের সহজলভ্যতার পাশাপাশি ভুয়া খবর, বানোয়াট হাদিস ও বিকৃত ধর্মীয় ব্যাখ্যা ছড়িয়ে পড়ার ঝুঁকিও বেড়েছে।

এ বাস্তবতায় ইসলামি সনদ ও ইজাজতব্যবস্থার মূল শিক্ষা নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। যেকোনো তথ্য গ্রহণের আগে তার উৎস, প্রামাণিকতা ও বর্ণনাকারীর নির্ভরযোগ্যতা যাচাই করা—এই নীতিই সনদব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা।

বিশ্বের বিভিন্ন প্রান্তের ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানে আজও মুহাদ্দিস ও আলেমদের কাছ থেকে হাদিসের সনদ ও ইজাজত গ্রহণের চর্চা অব্যাহত রয়েছে। রমজান মাসে সহিহ বুখারি ও অন্যান্য হাদিসগ্রন্থের বিশেষ দরস, সামা ও ইজাজতের আয়োজন সেই হাজার বছরের ঐতিহ্যের ধারাবাহিকতাকেই তুলে ধরে।

সময়ের পরিবর্তনে জ্ঞান প্রচারের মাধ্যম বদলেছে, বেড়েছে তথ্যের পরিমাণ ও গতি। কিন্তু জ্ঞানের বিশুদ্ধতা রক্ষা, উৎস যাচাই এবং নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে তা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা কমেনি। ইসলামি সনদ ও ইজাজতব্যবস্থার ঐতিহাসিক গুরুত্ব এখানেই।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   হাদিস  সনদ  ইজাজত  ঐতিহ্য  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: