
হজরত বারিরা (রা.) ছিলেন উম্মুল মুমিনিন আয়েশা (রা.)-এর সেবিকা। সংগৃহীত ছবি
হজরত বারিরা (রা.) ছিলেন উম্মুল মুমিনিন আয়েশা (রা.)-এর সেবিকা। সংগৃহীত ছবি ইসলাম দাসপ্রথা বিলোপের ক্ষেত্রে দাসমুক্তিকে বিশেষ গুরুত্ব দিয়েছে। এ লক্ষ্যে একদিকে দাসদের মুক্ত করে দেওয়ার জন্য মালিকদের উৎসাহিত করা হয়েছে, অন্যদিকে দাসদেরও চুক্তির মাধ্যমে নিজেদের মুক্তির ব্যবস্থা করার সুযোগ দেওয়া হয়েছে। শুধু মুক্তি দেওয়াই নয়, মুক্তির পর তাদের অধিকার নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
এমনই একটি অধিকার হলো, কোনো নারী দাসত্ব থেকে মুক্তি পাওয়ার পর আগের স্বামীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বজায় রাখবেন কি না, তা নিজেই নির্ধারণ করতে পারবেন। হজরত বারিরা (রা.)-এর ঘটনা এ অধিকারের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা পাওয়ার পর তিনি সেই অধিকার দৃঢ়তার সঙ্গে প্রয়োগ করেছিলেন। এমনকি আল্লাহর রাসুল (সা.) তাঁর স্বামীর পক্ষে সুপারিশ করলেও বারিরা নিজের সিদ্ধান্তে অটল ছিলেন।
পাঠকদের জন্য এখানে সেই ঘটনাটি তুলে ধরা হলো।
বারিরা ও মুগিসের ঘটনা
হজরত বারিরা (রা.) ছিলেন উম্মুল মুমিনিন আয়েশা (রা.)-এর সেবিকা। তিনি এবং তার স্বামী মুগিস দুজনই দাসত্বের অধীনে ছিলেন। একপর্যায়ে বারিরা দাসত্ব থেকে মুক্তি পান। মুক্ত হওয়ার পর তাকে নিজের বৈবাহিক জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া হয়। তিনি চাইলে আগের স্বামীর সঙ্গে সংসার চালিয়ে যেতে পারতেন, আবার চাইলে বিচ্ছেদও বেছে নিতে পারতেন।
বারিরা দ্বিতীয় পথটি বেছে নেন। তবে তার স্বামী মুগিস এই বিচ্ছেদ মেনে নিতে পারছিলেন না। তিনি বারিরাকে অত্যন্ত ভালোবাসতেন এবং তাকে আবার স্ত্রী হিসেবে ফিরে পাওয়ার জন্য বারবার অনুরোধ করতেন।
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) তাদের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, ‘আমি যেন এখনও দেখতে পাচ্ছি, মুগিস বারিরার পেছনে পেছনে ঘুরছেন আর কাঁদছেন। তার চোখের পানি দাড়ি বেয়ে পড়ছে।’
মুগিসের এমন অবস্থা আল্লাহর রাসুল (সা.)-এর দৃষ্টিতেও আসে। তিনি তাঁর চাচা আব্বাসকে (রা.) বললেন, ‘আপনি কি বারিরার প্রতি মুগিসের ভালোবাসা এবং মুগিসের প্রতি বারিরার অনাগ্রহ দেখে আশ্চর্য হচ্ছেন না?’
এরপর রাসুলুল্লাহ (সা.) বারিরাকে বললেন, ‘তুমি যদি তাকে আবার স্বামী হিসেবে গ্রহণ করতে!’
বারিরা তখন জানতে চাইলেন, ‘এটা কি আপনার নির্দেশ, হে আল্লাহর রাসুল?’
তিনি উত্তর দিলেন, ‘না। বরং এটা আমার সুপারিশ।’
অন্য একটি বর্ণনায় এসেছে, বারিরা জানতে চেয়েছিলেন, ‘হে আল্লাহর রাসুল, এটি কি আমার ওপর বাধ্যতামূলক কোনো বিষয়?’ জবাবে তিনি বলেছিলেন, ‘না।’
তখন বারিরা স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ‘তাকে আমার কোনো দরকার নেই।’ (সহিহ বুখারি: ৫২৮৩)
অন্য একটি বর্ণনায় রয়েছে, ‘সে যদি আমাকে এত এত সম্পদও দিত, তবু আমি তার কাছে থাকতাম না।’ (ফাতহুল বারি: ৯/৪০৯)
বারিরার ঘটনা থেকে যেসব শিক্ষা পাওয়া যায়
হজরত বারিরা (রা.)-এর এই ঘটনা দাম্পত্য জীবনে নারীর নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার অধিকার তুলে ধরার পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়।
১. আদেশ ও সুপারিশের মধ্যে পার্থক্য বোঝা
বারিরা (রা.) ছিলেন বুদ্ধিমতী ও বিচক্ষণ। তিনি আল্লাহর রাসুল (সা.)-এর বাধ্যতামূলক নির্দেশ এবং ব্যক্তিগত সুপারিশের পার্থক্য বুঝতেন। তাই মুগিসের সঙ্গে আবার সংসার করার অনুরোধ পাওয়ার পর তিনি প্রথমেই জানতে চেয়েছিলেন, এটি আদেশ, নাকি সুপারিশ।
কারণ তিনি জানতেন, কোনো বিষয় নির্দেশ হিসেবে দেওয়া হলে তা পালন করা কর্তব্য। কিন্তু সেটি যদি কেবল সুপারিশ হয়, তাহলে তা গ্রহণ করা বা প্রত্যাখ্যান করার স্বাধীনতা থাকে।
তার এই প্রশ্ন থেকে বোঝা যায়, সদ্য দাসত্ব থেকে মুক্তি পেলেও তিনি নিজের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সচেতন ও স্বাধীন ছিলেন।
এ ঘটনা আমাদের আরও শিক্ষা দেয়, কোনো বিষয় বাধ্যতামূলক না হলে পরামর্শদাতার মতামত গ্রহণ না করার অধিকার সংশ্লিষ্ট ব্যক্তির রয়েছে। পরামর্শদাতা যত সম্মানিত বা মর্যাদাবান ব্যক্তিই হোন না কেন, তার পরামর্শ গ্রহণ না করলে কাউকে দোষারোপ করা কিংবা অসন্তুষ্ট হওয়া উচিত নয়। একই সঙ্গে কোনো ক্ষতি বা সমস্যা না থাকলে অন্যের প্রতি সহানুভূতি দেখিয়ে সুপারিশ করাও বৈধ।
২. সম্মান বজায় রেখেও ভিন্নমত প্রকাশ করা
বারিরা (রা.) তার উত্তরে অত্যন্ত সুন্দর কৌশল অবলম্বন করেছিলেন। তিনি সরাসরি সুপারিশ প্রত্যাখ্যান না করে বলেছিলেন, ‘তাকে আমার কোনো দরকার নেই।’
অর্থাৎ, তিনি নিজের অনাগ্রহের বিষয়টি তুলে ধরে সিদ্ধান্ত জানিয়েছিলেন। এতে একদিকে যেমন নিজের অধিকার সম্পর্কে সচেতনতার প্রকাশ ঘটেছে, অন্যদিকে আল্লাহর রাসুল (সা.)-এর প্রতি তার শ্রদ্ধাও অক্ষুণ্ণ ছিল।
এই ঘটনা আমাদের শেখায়, নিজের অধিকার প্রতিষ্ঠা করা এবং ব্যক্তিগত সিদ্ধান্তে অটল থাকার পাশাপাশি অন্যের প্রতি সম্মান ও শিষ্টাচার বজায় রাখাও সম্ভব।
৩. অতিরিক্ত আবেগপ্রবণ না হওয়া
হাদিসে মুগিসের গভীর ভালোবাসার বিষয়টি উল্লেখ করা হয়েছে। তিনি বারিরার পেছনে ঘুরে বেড়াতেন এবং কাঁদতেন। তাঁর এই আবেগপূর্ণ আচরণ আল্লাহর রাসুল (সা.)-কেও বিস্মিত করেছিল।
তবে এই ঘটনা থেকে স্বামী-স্ত্রীর সম্পর্কের সব দিক সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যায় না। মুগিসের অতিরিক্ত আবেগের বিপরীতে বারিরাকে নিজের সিদ্ধান্তে স্থির ও সংযত দেখা যায়।
এমনও হতে পারে, মুগিসের অতিরিক্ত আবেগপ্রবণ আচরণ বারিরার অনাগ্রহের একটি কারণ ছিল। হয়তো তিনি এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করতেন, যিনি আবেগের পাশাপাশি বাস্তবতা বিবেচনা করেও সিদ্ধান্ত নিতে সক্ষম।
মুগিস যদি এভাবে কান্নাকাটি করে তার পেছনে না ঘুরে নিজের অবস্থার উন্নতির চেষ্টা করতেন, অর্থাৎ দাসত্ব থেকে মুক্ত হওয়ার উদ্যোগ নিতেন, তাহলে হয়তো তা বারিরার মনোভাব পরিবর্তনে ভূমিকা রাখতে পারত।
তবে মনে রাখতে হবে, এগুলো ঘটনার সম্ভাব্য ব্যাখ্যা মাত্র। হাদিসে বারিরা (রা.)-এর বিচ্ছেদের সিদ্ধান্তের পেছনে এসব কারণ সরাসরি উল্লেখ করা হয়নি।
সময়ের আলো/ইউএমএইচ