আধ্যাত্মিক জগতের সম্রাট

ইফতেখারুল হক হাসনাইন

ইসলাম

একাদশ ও দ্বাদশ শতাব্দী ছিল ইসলামি বিশ্বের ইতিহাসে এক সংকটপূর্ণ সময়। নানা রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অস্থিরতার মধ্য দিয়েই এ

2026-11-27T13:05:55+00:00
2026-11-27T13:05:55+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
ইসলাম
শায়খ আবদুল কাদির জিলানি (রহ.)
আধ্যাত্মিক জগতের সম্রাট
ইফতেখারুল হক হাসনাইন
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১:০৫ পিএম 
আধ্যাত্মিক জগতের সম্রাট
আধ্যাত্মিক জগতের সম্রাট
একাদশ ও দ্বাদশ শতাব্দী ছিল ইসলামি বিশ্বের ইতিহাসে এক সংকটপূর্ণ সময়। নানা রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অস্থিরতার মধ্য দিয়েই এ সময়ে মুসলিম সমাজে পুনর্জাগরণের সূচনা ঘটে। আব্বাসীয় খিলাফতের দুর্বলতা, ক্রুসেড যুদ্ধের আক্রমণ, অভ্যন্তরীণ রাজনৈতিক বিশৃঙ্খলা এবং নৈতিক অবক্ষয়ের কারণে মুসলিম উম্মাহ গভীর আধ্যাত্মিক সংকটের মুখোমুখি হয়েছিল। একদিকে ফিকহ ও হাদিসের চর্চা অব্যাহত ছিল, অন্যদিকে তাসাউফের নামে কিছু বিচ্যুতি ও অতিরিক্ত মরমিবাদের প্রবণতাও দেখা দিয়েছিল। এমন এক সন্ধিক্ষণে আবির্ভাব ঘটে এক মহান আধ্যাত্মিক ব্যক্তিত্বের, যিনি শরিয়ত ও তরিকতের মধ্যে দৃঢ় সমন্বয় সাধন করে তাসাউফকে ইসলামের মূলধারায় প্রতিষ্ঠিত করেন। একই সঙ্গে কাদিরিয়া তরিকা প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বব্যাপী ইসলামি আধ্যাত্মিকতার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি হলেন শায়খ মুহিউদ্দিন আবু মুহাম্মদ আবদুল কাদির জিলানি (রহ.)। বিশ্বজুড়ে তিনি ‘গাউসুল আজম’, ‘বড় পীর’ ও ‘সুলতানুল আওলিয়া’ উপাধিতে পরিচিত।

৪৭০ অথবা ৪৭১ হিজরি (১০৭৭-১০৭৮ খ্রিস্টাব্দ) সালে পারস্যের (বর্তমান ইরান) গিলান প্রদেশের নাইফ বা জিলান নামক স্থানে জন্মগ্রহণ করেন শায়খ আবদুল কাদির জিলানি (রহ.)। তার পিতা আবু সালিহ জাঙ্গিদোস্ত ছিলেন অত্যন্ত ধর্মভীরু ও জ্ঞানী ব্যক্তি। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, যেন তার সন্তান দ্বীনের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে। বংশপরম্পরায় তার সম্পর্ক হাসান ইবনে আলি (রা.)-এর মাধ্যমে রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। শৈশব থেকেই তিনি কুরআন, হাদিস ও ইসলামের প্রাথমিক জ্ঞান অর্জনে মনোযোগী ছিলেন। অল্প বয়সেই তার অসাধারণ মেধা, স্মৃতিশক্তি ও আধ্যাত্মিক চিন্তাধারার পরিচয় পাওয়া যায়। 

তার শিক্ষাজীবন ছিল বহুমুখী জ্ঞানচর্চা ও কঠোর সাধনায় পরিপূর্ণ। আঠারো বছর বয়সে তিনি জ্ঞানার্জনের উদ্দেশ্যে তৎকালীন মুসলিম বিশ্বের অন্যতম প্রধান জ্ঞানকেন্দ্র বাগদাদে গমন করেন। সেখানে আবু সাঈদ মুবারক মাখজুমি ও ইবনে আকিলের কাছে হাম্বলি ফিকহ অধ্যয়ন করেন। আবু মুহাম্মদ জাফর আস-সাররাজের কাছে হাদিস শিক্ষা গ্রহণ করেন এবং আবুল খায়র হাম্মাদ আদ-দাব্বাসের কাছ থেকে তাসাউফের দীক্ষা লাভ করেন। তার অসাধারণ বুদ্ধিমত্তা, গভীর জ্ঞান ও আধ্যাত্মিক উপলব্ধি শিক্ষকদের মুগ্ধ করেছিল। জ্ঞানচর্চার পাশাপাশি তিনি কঠোরভাবে শরিয়তের বিধান অনুসরণ করতেন এবং আধ্যাত্মিক সাধনার সঙ্গে ইসলামের বাহ্যিক বিধিবিধানের সমন্বয় সাধনে বিশেষ গুরুত্ব দিতেন।


দীর্ঘদিনের জ্ঞানার্জন ও আধ্যাত্মিক সাধনা শেষে ১১২৭ খ্রিস্টাব্দে তিনি বাগদাদে ফিরে আসেন। এরপর প্রকাশ্যে ওয়াজ-নসিহত ও ধর্মীয় আলোচনা শুরু করেন। তার বক্তব্য ছিল অত্যন্ত প্রভাবশালী। তার মজলিসে হাজার হাজার মানুষ সমবেত হতেন; এমনকি অমুসলিমরাও তার আলোচনা শুনতে আকৃষ্ট হতেন। তিনি মানুষকে শরিয়তের বিধান যথাযথভাবে পালন করার পাশাপাশি আত্মশুদ্ধি, আল্লাহভীতি ও আল্লাহর প্রতি ভালোবাসা অর্জনের আহ্বান জানাতেন। তার উপলব্ধি ছিল, শরিয়তের নির্দেশনা থেকে বিচ্ছিন্ন তাসাউফ মানুষকে সঠিক পথ থেকে সরিয়ে দিতে পারে। আবার আধ্যাত্মিক চেতনা ও আত্মশুদ্ধি ছাড়া শরিয়তের চর্চা কেবল বাহ্যিক আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ হয়ে পড়তে পারে। তাই তিনি শরিয়ত ও আধ্যাত্মিকতার মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

তার আধ্যাত্মিক চিন্তা, উপদেশ ও সাধনার গুরুত্বপূর্ণ নিদর্শন পাওয়া যায় তার রচিত বিভিন্ন অমর গ্রন্থে। ‘ফুতুহুল গায়ব’ তার ওয়াজ ও আধ্যাত্মিক উপদেশের সংকলন, যেখানে আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনের নানা দিক তুলে ধরা হয়েছে। ‘আল-গুনিয়াহ লিত তালিবিন’ গ্রন্থে ইসলামের বাহ্যিক ও অন্তর্নিহিত বিধিবিধান সম্পর্কে বিস্তৃত আলোচনা রয়েছে। অন্যদিকে ‘আল-ফাতহুর রাব্বানি’ গ্রন্থে তার বিভিন্ন বক্তৃতা ও আধ্যাত্মিক উপলব্ধির বিষয়গুলো সংকলিত হয়েছে। এ ছাড়া ‘সিররুল আসরার’ ও ‘জিলাউল খাতির’সহ অন্যান্য গ্রন্থেও তিনি আত্মজিজ্ঞাসা, তাকওয়া, আত্মশুদ্ধি এবং আল্লাহপ্রেমের পথ সম্পর্কে দিকনির্দেশনা দিয়েছেন।

তার এসব গ্রন্থ আজও তাসাউফের গুরুত্বপূর্ণ পাঠ্য হিসেবে সমাদৃত। শায়খ আবদুল কাদির জিলানি (রহ.)-এর অন্যতম বড় অবদান হলো শরিয়তের আলোকে তাসাউফের চর্চাকে সুপ্রতিষ্ঠিত করা এবং কাদিরিয়া তরিকার প্রসার ঘটানো। তার শিক্ষা ও আধ্যাত্মিক আদর্শ পরবর্তী সময়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং অসংখ্য মানুষকে প্রভাবিত করে।

৫৬১ হিজরি (১১৬৬ খ্রিস্টাব্দ) সালে বাগদাদে ৯০ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। বাগদাদে অবস্থিত তার মাজার আজও শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে স্মরণ করা হয়। মঙ্গোল আক্রমণে এটি ক্ষতিগ্রস্ত ও ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর উসমানি সুলতান সুলায়মানের উদ্যোগে পুনর্নির্মিত হয়। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর জিকির, ইবাদত ও আধ্যাত্মিক প্রশান্তি ছিল তার সাধনার অন্যতম বৈশিষ্ট্য। জ্ঞান, তাকওয়া, আত্মশুদ্ধি ও আল্লাহপ্রেমের যে আদর্শ তিনি রেখে গেছেন, তা আজও ইসলামি আধ্যাত্মিক জগতে বিশেষ গুরুত্ব বহন করে।


সময়ের আলো/প্রিন্ট/ইউএমএইচ 

  বিষয়:   শায়খ আবদুল কাদির জিলানি (রহ.)  আধ্যাত্মিক জগত  সম্রাট 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: