
নারীর আর্থিক অধিকার ও স্বতন্ত্র সত্তার স্বীকৃতি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ অবদান। গ্রাফিক : সময়ের আলো
নারীর আর্থিক অধিকার ও স্বতন্ত্র সত্তার স্বীকৃতি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ অবদান। গ্রাফিক : সময়ের আলো মানবসভ্যতার বিকাশ ও সমৃদ্ধিতে পুরুষের পাশাপাশি নারীর শ্রম, মেধা ও আত্মত্যাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভ্যতার শুরু থেকেই অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে নারীরা অবদান রেখে আসছেন। আধুনিক বিশ্বে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে যখন নানা আলোচনা ও বিতর্ক চলছে, তখন প্রায় চৌদ্দ শতাব্দী আগেই ইসলাম নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও মর্যাদা প্রতিষ্ঠায় সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছে। ইতিহাসের পর্যালোচনায় দেখা যায়, নারীর আর্থিক অধিকার ও স্বতন্ত্র সত্তার স্বীকৃতি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ অবদান। পবিত্র কুরআনের সুরা নিসার ৩২ নম্বর আয়াতে মহান আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন, পুরুষ যা উপার্জন করে, তার প্রাপ্য অংশ সে পাবে এবং নারী যা উপার্জন করে, তারও প্রাপ্য অংশ রয়েছে। এই আয়াতের মাধ্যমে ইসলাম নারীকে অন্যের ওপর নির্ভরশীল কোনো সত্তা হিসেবে বিবেচনা না করে স্বতন্ত্র অধিকার ও মর্যাদার অধিকারী ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিয়েছে।
ইসলামের প্রাথমিক যুগের ইতিহাসে এমন অনেক নারীর দৃষ্টান্ত রয়েছে, যারা অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন উম্মুল মুমিনিন হজরত খাদিজা বিনতে খুওয়াইলিদ (রা.)। তিনি তৎকালীন আরবের একজন সম্পদশালী ও সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। প্রাচীন ঐতিহাসিক সূত্রগুলোতে তার বিস্তৃত ব্যবসায়িক কার্যক্রমের বিবরণ পাওয়া যায়। তিনি মুনাফার ভিত্তিতে ব্যবসা পরিচালনার জন্য লোক নিয়োগ করতেন এবং আন্তর্জাতিক বাণিজ্যিক কাফেলার মাধ্যমে বিভিন্ন পণ্যের আদান-প্রদান করতেন। নবুয়ত লাভের আগে মহানবী হজরত মুহাম্মদ (সা.) তাঁর ব্যবসায়িক প্রতিনিধি হিসেবে সিরিয়ায় বাণিজ্য সফরে গিয়েছিলেন। হজরত খাদিজা (রা.)-এর এই সাফল্য প্রমাণ করে, ইসলাম নারীর কর্মদক্ষতা, ব্যবসায়িক উদ্যোগ ও অর্থনৈতিক সক্ষমতাকে কখনো অস্বীকার করেনি। মহানবী (সা.)-এর আরেক সহধর্মিণী হজরত জয়নব বিনতে জাহাশ (রা.) নিজ হাতে কাজ করে অর্থ উপার্জন করতেন এবং সেই অর্থ দান-সদকায় ব্যয় করতেন। সহিহ মুসলিমের হাদিসেও তাঁর কর্মনিষ্ঠা ও পরোপকারের বিষয়টি বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
ইসলামি সমাজব্যবস্থায় নারীর অর্থনৈতিক কর্মকাণ্ড কেবল ব্যক্তিগত উপার্জন কিংবা হস্তশিল্পের মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং ব্যবসা-বাণিজ্য ও জনজীবনের বিভিন্ন ক্ষেত্রেও তাদের সক্রিয় অংশগ্রহণ ছিল। ঐতিহাসিক বিবরণে আসমা বিনতে মাখরামার নাম উল্লেখযোগ্য। তিনি ইয়েমেন থেকে সুগন্ধি আমদানি করে মক্কা ও মদিনার বাজারে বিক্রি করতেন। একইভাবে সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এর স্ত্রী হজরত জয়নব সাকাফি (রা.) নিজের উপার্জিত অর্থ দিয়ে স্বামী ও এতিমদের ভরণপোষণে সহযোগিতা করতেন। সহিহ বুখারির বর্ণনা অনুযায়ী, তিনি নিজের উপার্জিত অর্থ থেকে স্বামী ও তার তত্ত্বাবধানে থাকা এতিমদের জাকাত দেওয়া যাবে কি না, সে বিষয়ে মহানবী (সা.)-এর কাছে জানতে চেয়েছিলেন। উত্তরে রাসুলুল্লাহ (সা.) জানান, এভাবে আত্মীয়কে সহযোগিতা করা এবং জাকাত আদায়— উভয় দিক থেকেই তিনি দ্বিগুণ সওয়াব লাভ করবেন। এসব ঘটনা নারীর উপার্জন, আর্থিক স্বাবলম্বিতা ও সামাজিক দায়িত্ব পালনের বিষয়ে ইসলামের ইতিবাচক দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করে।
ইসলামের অর্থনৈতিক ব্যবস্থায় নারীর স্বতন্ত্র মালিকানা ও আর্থিক অধিকার সুস্পষ্টভাবে স্বীকৃত। শরিয়াহর বিধান অনুযায়ী, পিতার সম্পত্তি থেকে প্রাপ্ত উত্তরাধিকার, স্বামীর কাছ থেকে পাওয়া মোহরানা এবং নিজের শ্রম কিংবা ব্যবসার মাধ্যমে অর্জিত সম্পদের ওপর নারীর নিজস্ব মালিকানা প্রতিষ্ঠিত। সুরা নিসার ৪ নম্বর আয়াতে মোহরানাকে স্ত্রীর একান্ত অধিকার হিসেবে নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে সুরা বাকারার ২২৯ নম্বর আয়াতে বিশেষ শরয়ি পরিস্থিতি ছাড়া স্ত্রীকে দেওয়া সম্পদ স্বামীর ফিরিয়ে নেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। তবে খোলার মতো নির্দিষ্ট বিচ্ছেদ পরিস্থিতিতে এর ব্যতিক্রমী বিধানও রাখা হয়েছে। ইসলামের অর্থনৈতিক ব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, পরিবারের ভরণপোষণের দায়িত্ব সাধারণভাবে স্বামীর ওপর ন্যস্ত করা হয়েছে। স্ত্রী নিজস্ব সম্পদের মালিক হলেও সংসারের ব্যয়ভার বহন করা তার জন্য বাধ্যতামূলক নয়। ফলে নিজের উপার্জন ও সম্পদের ওপর তার স্বতন্ত্র অধিকার অক্ষুণ্ন থাকে। এ ধরনের বিধান নারীর অর্থনৈতিক নিরাপত্তা, স্বাধীনতা ও ব্যক্তিগত মর্যাদা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে পোশাকশিল্প, কৃষি, তথ্যপ্রযুক্তি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা খাতে নারীর অংশগ্রহণ জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে। তবে অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণকে উৎসাহিত করার পাশাপাশি ইসলাম নৈতিকতা, শালীনতা ও নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দিয়েছে। প্রাচীন মুসলিম সমাজে নারীদের ব্যবসা-বাণিজ্যে অংশগ্রহণের বিভিন্ন দৃষ্টান্ত থেকে স্পষ্ট হয়, বৈধ উপায়ে জীবিকা অর্জন কিংবা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নারীর ওপর কোনো সাধারণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। সুতরাং বর্তমান কর্মক্ষেত্রেও নারীর জন্য নিরাপদ পরিবেশ, ন্যায্য পারিশ্রমিক, সম্মানজনক আচরণ এবং যথাযথ মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে কর্মক্ষেত্রে নারীকে পণ্য হিসেবে উপস্থাপন করা কিংবা তার সম্মান ও অধিকার ক্ষুণ্ন করার যেকোনো প্রবণতা প্রতিরোধ করা জরুরি।
ইসলামের দৃষ্টিতে নারীর অর্থনৈতিক অংশগ্রহণ কোনো আধুনিক ধারণার অনুকরণ নয়; বরং রাসুলুল্লাহ (সা.) ও সাহাবায়ে কেরামের যুগ থেকেই এর বাস্তব দৃষ্টান্ত বিদ্যমান। যে সমাজ তার মোট জনশক্তির একটি বড় অংশের মেধা, শ্রম ও কর্মদক্ষতাকে যথাযথভাবে কাজে লাগাতে পারে না, সেই সমাজের জন্য টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন কঠিন হয়ে পড়ে। তাই ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার সীমারেখা বজায় রেখে নারীর জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরি, সুদমুক্ত পুঁজির ব্যবস্থা, উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের সুযোগ এবং অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা আমাদের সম্মিলিত সামাজিক দায়িত্ব। ইসলামের এই ভারসাম্যপূর্ণ ও মানবিক অর্থনৈতিক বিধান যথাযথভাবে অনুসরণ করা গেলে নারী ও পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
সময়ের আলো/প্রিন্ট/ইউএমএইচ