গোসল না করেও কি জুমার নামাজ আদায় করা যাবে, হাদিস কী বলে

সময়ের আলো ডেস্ক

ইসলাম

সপ্তাহের দিনগুলোর মধ্যে জুমাবারকে সর্বাধিক মর্যাদাপূর্ণ দিন হিসেবে বিবেচনা করা হয়। দিনটিকে মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিনও বলা হয়ে থাকে। পবিত্র

2026-11-27T12:47:39+00:00
2026-11-27T12:47:39+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
ইসলাম
গোসল না করেও কি জুমার নামাজ আদায় করা যাবে, হাদিস কী বলে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২:৪৭ পিএম 
সপ্তাহের দিনগুলোর মধ্যে জুমাবারকে সর্বাধিক মর্যাদাপূর্ণ দিন হিসেবে বিবেচনা করা হয়। সংগৃহীত ছবি
সপ্তাহের দিনগুলোর মধ্যে জুমাবারকে সর্বাধিক মর্যাদাপূর্ণ দিন হিসেবে বিবেচনা করা হয়। সংগৃহীত ছবি
সপ্তাহের দিনগুলোর মধ্যে জুমাবারকে সর্বাধিক মর্যাদাপূর্ণ দিন হিসেবে বিবেচনা করা হয়। দিনটিকে মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিনও বলা হয়ে থাকে। পবিত্র কুরআনে ‘জুমা’ নামে একটি স্বতন্ত্র সুরা রয়েছে। এই সুরায় জুমার দিনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেন, ‘হে মুমিনগণ, যখন জুমার দিনে সালাতের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। আর বেচাকেনা বর্জন করো। এটাই তোমাদের জন্য সর্বোত্তম, যদি তোমরা জানতে।’ (সুরা জুমা, আয়াত: ৯)।    

আবু হুরায়রা (রা.) বর্ণিত একটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, সূর্য উদিত হয় এমন দিনগুলোর মধ্যে জুমাবার সবচেয়ে উত্তম। এ দিনেই আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছিল, জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এবং সেখান থেকে বের করা হয়েছিল। আর কিয়ামতও সংঘটিত হবে এই জুমার দিনেই। (সহিহ মুসলিম, হাদিস: ১৮৫০)। 

জুমার দিনের বিশেষ মর্যাদার কারণে শরিয়তসম্মত কোনো ওজর ছাড়া এ দিনের নামাজ ছেড়ে দেওয়ার ব্যাপারে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। আবুল জা’দ আয্-যামরী (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি অবহেলা করে পরপর তিনটি জুমা ছেড়ে দেয়, মহান আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেন। (সুনান আত তিরমিজি, হাদিস: ৫০০)।

এ বিষয়ে আবদুল্লাহ ইবনু উমর ও আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত আরেকটি হাদিসে বলা হয়েছে, তারা দুজন রাসুলুল্লাহ (সা.)-কে মিম্বরের সিঁড়িতে দাঁড়িয়ে বলতে শুনেছেন, যারা জুমার নামাজ পরিত্যাগ করে, তাদের অবশ্যই এ অভ্যাস থেকে ফিরে আসতে হবে। অন্যথায় আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দেবেন। ফলে তারা গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। (সহিহ মুসলিম, হাদিস: ১৮৭৫)।

জুমার নামাজ আদায়ের আগে পরিচ্ছন্নতা ও উত্তম পোশাক পরিধানের বিষয়েও হাদিসে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ দিন গোসল করা, মিসওয়াক করা, সুগন্ধি ব্যবহার এবং ভালো পোশাক পরে মসজিদে যাওয়ার প্রতি উৎসাহিত করা হয়েছে।

সালমান ফারসী (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে যথাসাধ্য ভালোভাবে পবিত্রতা অর্জন করে, এরপর শরীরে তেল ব্যবহার করে অথবা সুগন্ধি লাগায় এবং মসজিদে যায়, সেখানে দুজন মানুষের মাঝখানে গিয়ে তাদের কষ্ট দেয় না, নিজের জন্য নির্ধারিত পরিমাণ নামাজ আদায় করে এবং ইমাম খুতবা দেওয়ার জন্য বের হলে নীরব থাকে, তার এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত মধ্যবর্তী সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। (সহিহ বুখারি, হাদিস: ৮৬৪)।


গোসল ছাড়া জুমার নামাজ আদায় করা যাবে কি?

জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো গোসল করা। এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) একাধিকবার গুরুত্বারোপ করেছেন। সালিম (রহ.) তাঁর পিতা আবদুল্লাহ ইবনু উমর (রা.)-এর সূত্রে বর্ণনা করেন, তিনি নবীজি (সা.)-কে বলতে শুনেছেন, ‘যে ব্যক্তি জুমায় উপস্থিত হবে, সে যেন গোসল করে নেয়।’ (সুনান আত তিরমিজি, হাদিস: ৪৯২)।

আবদুল্লাহ ইবনু উমর (রা.) থেকে বর্ণিত অন্য একটি হাদিসেও এ নির্দেশ পাওয়া যায়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে কেউ জুমার সালাতে আসলে (তার আগে) সে যেন গোসল করে।’ (সহিহ বুখারি, হাদিস: ৮৩৩, ৮৫১)। 

জুমার দিনে গোসলের গুরুত্ব বোঝাতে খলিফা উমর (রা.)-এর একটি ঘটনাও হাদিসে উল্লেখ রয়েছে। একবার তিনি জুমার দিন মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। এমন সময় একজন সাহাবি মসজিদে প্রবেশ করেন। উমর (রা.) তাকে জিজ্ঞাসা করেন, এখন কয়টা বাজে? উত্তরে সাহাবি জানান, তিনি মাত্র আজানের আওয়াজ শুনেছেন এবং শুধু অজু করেই মসজিদে এসেছেন, এর বেশি কিছু করেননি।

তখন উমর (রা.) বলেন, আপনি শুধু অজু করেছেন? অথচ আপনি জানেন, রাসুলুল্লাহ (সা.) জুমার দিনে গোসল করার নির্দেশ দিয়েছেন। (সুনান আত তিরমিজি, হাদিস: ৪৯৪)।

উপরোক্ত হাদিসগুলো থেকে বোঝা যায়, জুমার দিনে গোসল করার প্রতি ইসলামে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তবে গোসল না করলে জুমার নামাজ আদায় হবে কি না, এ বিষয়ে ইসলামি আলেমদের মধ্যে মতপার্থক্য রয়েছে।

অধিকাংশ আলেমের মতে, জুমার দিনে গোসল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জুমার নামাজে যাওয়ার আগে গোসল করে নেওয়াই উত্তম।

অন্যদিকে, আরেক দল আলেম মনে করেন, রাসুলুল্লাহ (সা.)-এর সময়ে মদিনার মানুষ সকাল থেকেই বিভিন্ন কাজে ব্যস্ত থাকতেন। সে সময়ের পরিস্থিতি ও মানুষের শারীরিক পরিচ্ছন্নতার প্রয়োজন বিবেচনায় জুমার দিনে গোসলের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। তাই কোনো ব্যক্তির ওপর গোসল ফরজ না থাকলে তিনি জুমার দিন গোসল না করেও নামাজ আদায় করতে পারবেন। সে ক্ষেত্রে তার জুমার নামাজ আদায় হয়ে যাবে। তবে গোসল না করার কারণে তিনি নবীজি (সা.)-এর একটি গুরুত্বপূর্ণ সুন্নত পালনের সুযোগ থেকে বঞ্চিত হবেন।


সময়ের আলো/ইউএমএইচ 




  বিষয়:   জুমা  নামাজ  হাদিস 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: