প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১:১৬ পিএম

মুমিনের জন্য রাতের এই নির্জন সময় তাহাজ্জুদ আদায়ের অন্যতম উত্তম সময়। গ্রাফিক : সময়ের আলো
মুমিনের জন্য রাতের এই নির্জন সময় তাহাজ্জুদ আদায়ের অন্যতম উত্তম সময়। গ্রাফিক : সময়ের আলো সারাদিনের ব্যস্ততা ও নানা কর্মতৎপরতার কারণে অনেক সময় মনোযোগ দিয়ে আল্লাহর ইবাদত করা কঠিন হয়ে পড়ে। অথচ রাতের শেষ প্রহরে চারপাশ যখন নীরব হয়ে যায় এবং মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, তখন ঘুম থেকে জেগে আল্লাহর দরবারে দাঁড়ানো, নিজের ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করা এবং মনের আকুতি তুলে ধরার এক বিশেষ সুযোগ তৈরি হয়। মুমিনের জন্য রাতের এই নির্জন সময় তাহাজ্জুদ আদায়ের অন্যতম উত্তম সময়। তাহাজ্জুদ কেবল একটি নফল নামাজ নয়; বরং এটি আত্মশুদ্ধি, মহান আল্লাহর নৈকট্য লাভ এবং রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নত অনুসরণের গুরুত্বপূর্ণ মাধ্যম। নিয়মিত এই ইবাদত পালনের মাধ্যমে একজন মুমিন বিশেষ কিছু উপকার লাভ করতে পারেন।
অলসতা ও জড়তা দূর হয় : রাতের গভীর ঘুম ছেড়ে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করা সহজ বিষয় নয়। এর জন্য প্রয়োজন প্রবল ইচ্ছাশক্তি, আত্মসংযম ও নিয়মিত অনুশীলন। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ঘুমের আরাম ত্যাগ করে ইবাদতে মগ্ন হন, তার মধ্যে ধীরে ধীরে শৃঙ্খলাবোধ ও সময়ানুবর্তিতার অভ্যাস তৈরি হয়। রাতের এই ইবাদত আত্মিক দুর্বলতা কাটিয়ে ওঠার পাশাপাশি দিনের কর্মব্যস্ততায়ও উদ্যম ও কর্মস্পৃহা বাড়াতে সহায়তা করে।
আল্লাহর ভালোবাসা ও নৈকট্য অর্জনের মাধ্যম : মহান আল্লাহর ভালোবাসা পাওয়ার অন্যতম উপায় হলো নফল ইবাদতে মনোনিবেশ করা। হাদিসে কুদসিতে আল্লাহ তায়ালা বলেন, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে থাকে, একপর্যায়ে আমি তাকে ভালোবাসি (সহিহ বুখারি)। তাহাজ্জুদ যেহেতু গুরুত্বপূর্ণ একটি নফল ইবাদত, তাই নিয়মিত এই নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর ভালোবাসা ও নৈকট্য লাভের সুযোগ তৈরি হয়। তবে নফল ইবাদতে মনোযোগী হওয়ার পাশাপাশি ফরজ ইবাদতগুলো যথাযথভাবে পালন করাও অত্যন্ত জরুরি।
হাদিসে বর্ণিত বিশেষ সুসংবাদ লাভের সুযোগ : রাতের শেষ তৃতীয়াংশ দোয়া, ইসতিগফার ও আল্লাহর কাছে প্রার্থনার জন্য বিশেষ মর্যাদাপূর্ণ সময়। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, এ সময় আল্লাহ তায়ালা বান্দাদের উদ্দেশে আহ্বান করেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব; কে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব; কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব (সহিহ বুখারি ও সহিহ মুসলিম)। তাই তাহাজ্জুদের সময় নিজের পাপের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনা করা এবং বিভিন্ন বিপদ-আপদ থেকে মুক্তির জন্য দোয়া করা উচিত।
নবীজি (সা.)-এর সুন্নত পালনের সৌভাগ্য : রাসুলুল্লাহ (সা.) নিয়মিত রাতের নামাজ তথা তাহাজ্জুদ আদায় করতেন। হজরত মুগিরা ইবনে শুবা (রা.) বর্ণনা করেন, নবীজি (সা.) রাতের নামাজে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন যে তার দুই পা ফুলে যেত। এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিতেন, ‘আমি কি কৃতজ্ঞ বান্দা হব না’ (সহিহ বুখারি)। এই হাদিস থেকে রাসুলুল্লাহ (সা.)-এর রাতের ইবাদতের প্রতি গভীর নিষ্ঠা ও কৃতজ্ঞতার মনোভাবের পরিচয় পাওয়া যায়। নিয়মিত তাহাজ্জুদ আদায়ের মাধ্যমে তার গুরুত্বপূর্ণ একটি সুন্নত অনুসরণের সুযোগ লাভ করা যায়।
সময়ের আলো/প্রিন্ট/ইউএমএইচ