
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীতবাবা-মায়ের জন্য আল্লাহর পক্ষ থেকে এক অমূল্য নিয়ামত সন্তান। দম্পতির জীবনে একটি সন্তানকে ঘিরে থাকে নানা স্বপ্ন ও প্রত্যাশা। কিন্তু অনেকের জীবনে দীর্ঘ অপেক্ষার পরও সন্তান আসে না। কেউ বছরের পর বছর চিকিৎসা করান, কেউ নানা চেষ্টা করেন, আবার কেউ আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। তবু কাঙ্ক্ষিত ফল না পেলে মনে হতাশা ও কষ্ট ভর করে।
তবে একজন মুমিনের কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া উচিত নয়। কারণ, সন্তান দান করা একমাত্র আল্লাহর ইচ্ছাধীন। তিনি যাকে ইচ্ছা কন্যাসন্তান দেন, যাকে ইচ্ছা পুত্রসন্তান দেন, কাউকে পুত্র ও কন্যা উভয়ই দান করেন। আবার কাউকে নিঃসন্তান রাখেন।
পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, لِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ يَخْلُقُ مَا يَشَاءُ ۚ يَهَبُ لِمَن يَشَاءُ إِنَاثًا وَيَهَبُ لِمَن يَشَاءُ الذُّكُورَ أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاثًا ۖ وَيَجْعَلُ مَن يَشَاءُ عَقِيمًا ۚ إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ
সন্তান লাভের জন্য আল্লাহর কাছে দোয়া করা নবী-রাসুলদেরও আমল ছিল। পবিত্র কোরআনে হজরত ইবরাহিম (আ.) ও হজরত জাকারিয়া (আ.)-এর সন্তান লাভের দোয়া বর্ণিত হয়েছে। এসব দোয়ায় শুধু সন্তান চাওয়া হয়নি, বরং নেককার, পবিত্র ও উত্তম সন্তান কামনা করা হয়েছে।
সন্তান লাভের আশায় কোরআনে বর্ণিত যে চারটি দোয়া পড়তে পারেন, সেগুলো হলো—
১. নেককার সন্তান লাভের দোয়া
হজরত ইবরাহিম (আ.) আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজ সম্প্রদায় ছেড়ে যাওয়ার সময় তাঁর কাছে নেককার সন্তান প্রার্থনা করেন। মহান আল্লাহ তাঁর দোয়া কবুল করেন এবং তাঁকে সহনশীল পুত্রসন্তানের সুসংবাদ দেন।
তাঁর দোয়াটি ছিল— رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ
উচ্চারণ : রব্বি হাবলি মিনাস সালিহিন।
অর্থ : হে আমার প্রতিপালক! আমাকে নেককার সন্তান দান করুন। (সুরা সাফফাত, আয়াত : ১০০)
২. নিঃসঙ্গতা থেকে মুক্তি ও সন্তান লাভের দোয়া
হজরত জাকারিয়া (আ.) দীর্ঘদিন নিঃসন্তান ছিলেন। বার্ধক্যে পৌঁছানোর পরও তিনি আল্লাহর কাছে নেককার উত্তরসূরি চেয়েছিলেন। তাঁর আশঙ্কা ছিল, মৃত্যুর পর তাঁর দ্বীনি দায়িত্ব পালনের মতো কেউ থাকবে না। তাই তিনি মহান আল্লাহর কাছে সন্তান প্রার্থনা করেন। আল্লাহ তাঁর দোয়া কবুল করেন এবং তাঁকে হজরত ইয়াহইয়া (আ.)-এর সুসংবাদ দেন।
তাঁর দোয়াটি ছিল— رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِينَ
উচ্চারণ : রব্বি লা তাযারনি ফারদাঁও ওয়া আনতা খাইরুল ওয়ারিসিন।
অর্থ : হে আমার প্রতিপালক! আমাকে নিঃসন্তান ও একা ছেড়ে দেবেন না। আর আপনিই তো সর্বোত্তম উত্তরাধিকারী। (সুরা আম্বিয়া, আয়াত : ৮৯)
৩. পবিত্র ও উত্তম সন্তান লাভের দোয়া
হজরত জাকারিয়া (আ.) একবার মারইয়াম (আ.)-এর ইবাদতখানায় আল্লাহর পক্ষ থেকে বিশেষ রিজিক দেখতে পান। এতে তিনি বিস্মিত হন এবং আল্লাহর অসীম ক্ষমতার কথা স্মরণ করে সন্তান লাভের দোয়া করেন। বার্ধক্য ও স্ত্রীর সন্তান জন্মদানে অক্ষমতার পরও তিনি আল্লাহর রহমতের আশা ছাড়েননি। এরপর ফেরেশতারা তাঁকে হজরত ইয়াহইয়া (আ.)-এর সুসংবাদ দেন।
তাঁর দোয়াটি ছিল— رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ
উচ্চারণ : রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়্যাতান ত্বয়্যিবাহ। ইন্নাকা সামিউদ দুয়া।
অর্থ : হে আমার প্রতিপালক! আপনার পক্ষ থেকে আমাকে পবিত্র ও উত্তম সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী।
(সুরা ইমরান, আয়াত : ৩৮)
৪. সন্তান ও পরিবারকে চোখের শীতলতা বানানোর দোয়া
সন্তান লাভের পাশাপাশি তাকে নেককার ও দ্বীনদার হিসেবে গড়ে তোলাও প্রত্যেক বাবা-মায়ের কাম্য। পবিত্র কোরআনে আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত বান্দাদের একটি দোয়া বর্ণিত হয়েছে। তাঁরা আল্লাহর কাছে এমন জীবনসঙ্গী ও সন্তান চান, যাদের দেখে তাঁদের চোখ জুড়াবে এবং অন্তর প্রশান্ত হবে।
দোয়াটি হলো— رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
উচ্চারণ : রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইউনিও ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা।
অর্থ : হে আমাদের প্রতিপালক! আমাদের স্ত্রী ও সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদের মুত্তাকিদের জন্য আদর্শ বানিয়ে দিন। (সুরা ফুরকান, আয়াত : ৭৪)
সন্তান লাভের আশায় দোয়া ও আমলের ক্ষেত্রে যা করবেন
কোরআনে বর্ণিত এসব দোয়া পাঠ করার পাশাপাশি কয়েকটি বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
আন্তরিক বিশ্বাস নিয়ে দোয়া করুন : আল্লাহর কাছে পূর্ণ আস্থা ও আন্তরিকতার সঙ্গে দোয়া করতে হবে। দোয়া কবুল হতে দেরি হলেও হতাশ হওয়া যাবে না।
নামাজ ও ইস্তিগফারে যত্নবান হোন : পাঁচ ওয়াক্ত নামাজ আদায়, তওবা ও ইস্তিগফার এবং অন্যান্য নেক আমলের প্রতি যত্নবান হতে হবে। পবিত্র কোরআনে হজরত নুহ (আ.)-এর বক্তব্যে ইস্তিগফারের সঙ্গে সম্পদ ও সন্তান-সন্ততিতে আল্লাহর অনুগ্রহের কথা উল্লেখ রয়েছে। (সুরা নুহ, আয়াত : ১০–১২)
স্বামী-স্ত্রী দুজনই দোয়া করুন : সন্তান লাভের জন্য স্বামী-স্ত্রী উভয়েরই আল্লাহর কাছে দোয়া করা উচিত। একে অপরকে মানসিকভাবে সাহস ও সহযোগিতা দিতে হবে।
চিকিৎসা গ্রহণ করুন : দোয়ার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা নেওয়াও গুরুত্বপূর্ণ। সন্তান না হওয়ার কারণ নির্ণয়ে স্বামী-স্ত্রী দুজনেরই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। দোয়া ও চিকিৎসা পরস্পরের বিরোধী নয়। বরং চিকিৎসার পাশাপাশি আল্লাহর কাছে সাহায্য চাওয়া যেতে পারে।
যারা দীর্ঘদিন ধরে সন্তান লাভের অপেক্ষায় আছেন, তাদের হতাশ না হয়ে আল্লাহর রহমতের ওপর ভরসা রাখা উচিত। কোরআনে বর্ণিত নবী-রাসুলদের এসব দোয়া অর্থ বুঝে পড়তে পারেন। শুধু সন্তান নয়, আল্লাহর কাছে নেককার, সুস্থ, দ্বীনদার ও চোখজুড়ানো সন্তান প্রার্থনা করুন।
মনে রাখতে হবে, সন্তান লাভে দেরি হওয়া মানেই আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া নয়। মানুষের জন্য কোনটি কল্যাণকর, তা আল্লাহই ভালো জানেন। তাই দোয়া, ধৈর্য, চিকিৎসা ও সাধ্যমতো চেষ্টা চালিয়ে যেতে হবে।
মহান আল্লাহ যারা সন্তান লাভের অপেক্ষায় আছেন, তাদের উত্তম ও নেককার সন্তান দান করুন এবং প্রত্যেকের জন্য কল্যাণকর ফয়সালা করুন। আমিন।
সময়ের আলো/এসএকে