প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:৪৩ এএম

কুরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনায় সহযোগিতা চাইলেন ধর্মমন্ত্রী । ছবি : সংগৃহীত
কুরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনায় সহযোগিতা চাইলেন ধর্মমন্ত্রী । ছবি : সংগৃহীতপবিত্র কুরআন ও সুন্নাহর নির্দেশনা অনুযায়ী দেশ পরিচালনায় আলেম-ওলামাদের সহযোগিতা ও দোয়া চেয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্যও দোয়া কামনা করেছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর ধূপখোলা মাঠে জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ সালা দস্তরবন্দী মহাসম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন ধর্মমন্ত্রী।
বক্তব্যে ফরিদাবাদ মাদ্রাসার ঐতিহাসিক অবদান তুলে ধরে মন্ত্রী বলেন, ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান দেশের ইসলামী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা আল্লামা শামসুল হক ফরিদপুরী (রহ.)সহ সাবেক দায়িত্বশীল আলেমদের অবদানের কথাও স্মরণ করেন তিনি। পাশাপাশি বর্তমান মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুসের দীর্ঘদিনের শিক্ষা ও ধর্মীয় খেদমতের প্রশংসা করেন।
সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে ধর্মমন্ত্রী জানান, ২০২৬-২৭ অর্থবছরে প্রাথমিকভাবে দেশের ৮২ হাজার ৬৬৫টি মসজিদের ২ লাখ ৪৭ হাজার ৯৯৫ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে মাসিক সম্মানির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া হজযাত্রীদের বিমানভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ইসলামী শিক্ষা ও আলেম-ওলামাদের মর্যাদা প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকার কথা উল্লেখ করে কায়কোবাদ বলেন, ইসলামী শিক্ষার বিকাশ এবং কওমি মাদ্রাসার উন্নয়নে দলটি কাজ করেছে।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চেয়ে ধর্মমন্ত্রী বলেন, আল্লাহ যেন তাকে পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে দেশ পরিচালনার তাওফিক দান করেন।
বক্তব্যের একপর্যায়ে নিজের সুস্থতার জন্যও উপস্থিত আলেম-ওলামা ও মুসল্লিদের কাছে দোয়া চান তিনি। একই সঙ্গে জামিয়া ফরিদাবাদের সম্মেলনের সার্বিক সাফল্য, দেশের কওমি মাদ্রাসাগুলোর উন্নতি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করেন ধর্মমন্ত্রী।
সময়ের আলো/এসকে