প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ২:৪৬ পিএম

গ্রাফিক : সময়ের আলো
গ্রাফিক : সময়ের আলোমানুষের সম্পর্ক নষ্ট করার জন্য শয়তান সবসময় তৎপর। শয়তান সবসময় মানুষের পেছন ঘুরঘুর করতে থাকে— কীভাবে দুজন মানুষের মাঝে ঝগড়া সৃষ্টি করতে পারে, কীভাবে স্বামী-স্ত্রীর সংসারের দ্বন্দ্ব বাধিয়ে দিতে পারে, কীভাবে স্বামী-স্ত্রীর সংসারের অশান্তি সৃষ্টি করতে পারে, কীভাবে দুই বন্ধুর মাঝে ফাটল ধরিয়ে দিতে পারে, কীভাবে দুই ভাইয়ের মাঝে মারামারি বাধিয়ে দিতে পারে। শত্রুদের থেকে বিজয় ছিনিয়ে আনার হাতিয়ার যেমন তলোয়ার; তলোয়ার দিয়ে শত্রুদের সঙ্গে মোকাবিলা করে বিজয় ছিনিয়ে আনা যায়, তেমনি শয়তান থেকে বিজয় ছিনিয়ে আনার হাতিয়ার হলো চুপ থাকা। পারস্পরিক সম্পর্ক টিকিয়ে রাখার অন্যতম উপায় ঝগড়ার সময় চুপ থাকা।
একটা উদাহরণ দেওয়া যাক, স্বামী-স্ত্রীর মাঝে চলছে তুমুল ঝগড়া। স্ত্রী স্বামীর ওপর প্রচণ্ড রেগে আগুন অবস্থা। এ সময় যদি স্বামী চুপ থাকে, তা হলে এই ঝগড়া বেশি দূর গড়াবে না। কারণ এক হাতে তো আর তালি বাজে না। ঠিক তেমনি স্বামী বকাবকি করলে স্ত্রী যদি চুপ থাকে, তা হলে এই ঝগড়া বেশি দূর গড়াবে না। তখন শয়তান পরাজয় বরণ করে নেয়। শয়তান চেয়েছিল দুজনের মাঝে ঝগড়া বাধিয়ে দিতে। একজন চুপ থাকার দরুন তা আর হলো না। কারণ ঝগড়া করতে দুজন লাগে। একজনে কখনো ঝগড়া হয় না। যদি একা একা কেউ বকাবকি করে, লোকেরা দেখলে তাকে পাগল বলবে।
এক মহিলা এক বুজুর্গের কাছে তার স্বামীর ব্যাপারে অভিযোগ করল যে, আমার স্বামী আমাকে প্রতিদিন প্রহার ও বকাঝকা করে। আপনি কিছু একটা করুন। বুজুর্গ এক বোতল পানি দিয়ে বললেন, এগুলো প্রতিদিন খাবেন। স্বামী যতই প্রহার করুক, বকাঝকা করুক আপনি চুপ থাকবেন। দেখবেন সব ঠিক হয়ে যাবে। কথামতো সে কাজ করতে লাগল। কিছু দিন পর মহিলাটি আবার বুজুর্গের কাছে এসে বলল, আপনার পানি পড়া কাজে দিয়েছে। কিছু দিন আমাকে বকাঝকা করলেও এখন আর করে না। কথা শুনে বুজুর্গ মুচকি হেসে বললেন, আমার পানি পড়া কাজ দেয়নি, দিয়েছে আপনার চুপ থাকা। কারণ আপনার স্বামী বকাঝকা করলেও আপনি ছিলেন চুপ। আগে আপনি স্বামীর মুখের ওপর কথা বলতেন, তাই ঝগড়া দিন দিন বেড়েই চলত। চুপ থাকার ব্যাপারে একটি হাদিসও আছে। রাসুলে আকরাম (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি চুপ থাকে সে মুক্তি পায়।’ (তিরমিজি : ২৭৯)
চুপ থাকতে পারা একটি মহৎ গুণ। এই গুণ সবার কাছে পাওয়া যায় না। বন্ধুদের মাঝে প্রথমে একটু-আধটু হাতের মশকরা হয়। তারপর এই মশকরা হাতাহাতিতে পরিণত হয়। হাতাহাতি থেকে মারামারি পর্যন্ত গড়ায়। অথচ তারা ছিল সেই ক্লাসের ভালো বন্ধু। একজনকে রেখে আরেকজন নাশতা করতে যেত না। পরবর্তীতে দেখা যায়, নাশতা করা তো দূরের কথা, একজনের মুখ আরেকজন দেখতে পারে না। যখন দুজন মিলে কোনো এক জায়গায় ঝগড়া করে অথবা দুই বন্ধু মিলে হাতের মশকরা করে সেখানে তৃতীয় একজন অদৃশ্য ব্যক্তি উপস্থিত থাকে। সে হলো শয়তান। সে বসে বসে দুজনকে প্ররোচনা দিতে থাকে। তাই তো হাদিসে কড়াভাবে নিষেধ করা হয়েছে যে, কোনো মুমিন যেন অন্য মুমিনের দিকে বন্দুক তাক না করে। হতে পারে হাত ফসকে গুলি বের হয়ে যেতে পারে।
সময়ের আলো/প্রিন্ট/আতা