প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১০:১৪ পিএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীতনামাজের প্রতিটি অঙ্গভঙ্গিতে নবীজি (সা.)-এর সুন্নাহ অনুসরণ করা মুমিনের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে সিজদার সময় পায়ের আঙুল, গোড়ালি ও পায়ের অবস্থান কেমন হবে, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। হানাফি মাজহাবের ফিকহি নির্দেশনা ও বর্ণনার আলোকে সিজদায় পায়ের সঠিক অবস্থান তুলে ধরা হলো।
১. পায়ের আঙুল কিবলামুখী করে ভাঁজ রাখা
হানাফি মাজহাব অনুযায়ী, সিজদার সময় দুই পায়ের আঙুল ভাঁজ করে মাটিতে রাখতে হবে। আঙুলের অগ্রভাগ থাকবে কিবলার দিকে। এভাবে সিজদা করা সুন্নাহসম্মত। হজরত বারা ইবনে আজিব (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) সিজদার সময় পায়ের আঙুলগুলো কিবলামুখী রাখতেন। (সুনানে বায়হাকি, ২/১১৩)
২. দুই পায়ের গোড়ালি মিলিয়ে রাখবেন, নাকি আলাদা?
সিজদার সময় দুই পায়ের গোড়ালি মিলিয়ে রাখা বা আলাদা রাখার বিষয়ে হাদিসে ভিন্ন বর্ণনা পাওয়া যায়। হজরত আয়েশা (রা.)-এর বর্ণনায় দুই গোড়ালি মিলিয়ে রাখার কথা এসেছে (ইবনে খুজাইমা, হাদিস ৬৫৪)। অন্যদিকে, হজরত বারা ইবনে আজিব (রা.)-এর বর্ণনায় দুই পায়ের মধ্যে ফাঁক রাখার কথা উল্লেখ রয়েছে (সুনানে বায়হাকি, ২/১১৩)।
হানাফি মাজহাবের প্রসিদ্ধ আলেমদের মতে, দুই পায়ের গোড়ালির মধ্যে স্বাভাবিক ফাঁক রাখা উত্তম। তবে পা অস্বাভাবিকভাবে বেশি ছড়িয়ে রাখা উচিত নয়।
৩. সিজদায় পা মাটিতে রাখা কি ওয়াজিব?
হানাফি ফিকহ অনুযায়ী, সিজদার সময় অন্তত এক পায়ের একটি আঙুল এক তাসবিহ পরিমাণ সময় মাটিতে রাখা ওয়াজিব। পুরো সময় দুই পা মাটি থেকে তুলে রাখলে সিজদা শুদ্ধ হবে না। (মারাকিল ফালাহ; রদ্দুল মুহতার, ১/৪৪৭)
তাই সিজদার সময় দুই পায়ের আঙুল মাটিতে রেখে কিবলামুখী করে ভাঁজ করা উচিত। এতে সিজদার আদব ও সুন্নাহ অনুসরণ করা হয়।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে নবীজি (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে শুদ্ধভাবে নামাজ আদায়ের তৌফিক দান করুন। আমিন।
সময়ের আলো/এসএকে