রিলস ও স্ক্রলের নেশা : কুরআন কী বলে

মুহাম্মদ নাহিদুল ইসলাম

ইসলাম

‘আরেকটা দেখি, তারপর উঠব’—সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করতে করতে প্রতিদিন অজান্তেই আমরা নিজেদের এ কথা বলি। কিন্তু সেই ‘আরেকটা’ দেখার পর্ব

2026-11-27T13:28:44+00:00
2026-11-27T13:28:44+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
ইসলাম
রিলস ও স্ক্রলের নেশা : কুরআন কী বলে
মুহাম্মদ নাহিদুল ইসলাম
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১:২৮ পিএম 
আঙুলের স্পর্শে একের পর এক নতুন রিল সামনে আসে, আর নীরবে এগিয়ে চলে ঘড়ির কাঁটা। গ্রাফিক : সময়ের আলো
আঙুলের স্পর্শে একের পর এক নতুন রিল সামনে আসে, আর নীরবে এগিয়ে চলে ঘড়ির কাঁটা। গ্রাফিক : সময়ের আলো
‘আরেকটা দেখি, তারপর উঠব’—সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করতে করতে প্রতিদিন অজান্তেই আমরা নিজেদের এ কথা বলি। কিন্তু সেই ‘আরেকটা’ দেখার পর্ব যেন আর শেষ হতে চায় না। আঙুলের স্পর্শে একের পর এক নতুন রিল সামনে আসে, আর নীরবে এগিয়ে চলে ঘড়ির কাঁটা। এভাবে কখন যে এক ঘণ্টা পেরিয়ে যায়, তা টেরই পাওয়া যায় না। কিছুক্ষণ পর স্ক্রিন থেকে চোখ সরিয়ে বুঝতে পারি, অনেকটা সময় হারিয়ে গেছে। কী দেখেছি, তার বেশির ভাগই মনে থাকে না। থেকে যায় শুধু চোখের ক্লান্তি, মাথার ভার আর মনের ভেতর একধরনের অস্বস্তি। সাধারণত আমরা এটিকে নিজেদের দুর্বলতা বলে মনে করি। কিন্তু এর পুরো দায় কি শুধু আমাদের? প্রায় চৌদ্দশ বছর আগেই পবিত্র কুরআন এমন এক বিপদ সম্পর্কে সতর্ক করেছে, যা মানুষকে মোহাচ্ছন্ন করে সত্য ও সঠিক পথ থেকে দূরে সরিয়ে দেয়। কুরআনে একে বলা হয়েছে ‘লাহওয়াল হাদিস’— অর্থাৎ এমন চিত্তবিনোদন ও অর্থহীন কথাবার্তা, যা মানুষকে তার প্রকৃত লক্ষ্য ও দায়িত্ব থেকে ভুলিয়ে রাখে।  

মক্কায় নবীজি (সা.)-এর দাওয়াত যখন ছড়িয়ে পড়ছিল, তখন কুরাইশ নেতারা তাঁকে মোকাবিলা করতে নানা কৌশল অবলম্বন করছিলেন। কখনো কবি, কখনো জাদুকর, কখনো গণক, আবার কখনো পাগল বলে অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু এসব অভিযোগ মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছিল না। কারণ মক্কাবাসী তাঁকে দীর্ঘদিন ধরে ‘আল-আমিন’ বা বিশ্বস্ত ব্যক্তি হিসেবে চিনত। সে সময় নাদর ইবনে হারেস উপলব্ধি করেছিল, শৈশব থেকে প্রৌঢ়ত্ব পর্যন্ত যার সততা ও বিশ্বস্ততা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি, তাঁকে গণক কিংবা জাদুকর বললে মানুষ তা বিশ্বাস করবে না। সরাসরি বিতর্ক ও অপপ্রচারের মাধ্যমে সত্যের দাওয়াতকে থামানো সম্ভব না হওয়ায় সে ভিন্ন পথ বেছে নেয়। ইরাক থেকে পারস্যের রাজা-বাদশাহদের কাহিনি এবং রুস্তম-ইসফিন্দিয়ারের বীরত্বগাথা সংগ্রহ করে মক্কায় গল্পের আসর বসাতে শুরু করে। নবীজি (সা.) যখন কোনো মজলিস থেকে উঠে যেতেন, তখন সে নিজের গল্পের মাধ্যমে মানুষের মনোযোগ আকর্ষণের চেষ্টা করত। এমনকি মানুষকে প্রভাবিত করতে গায়িকাও নিয়োগ করত।

এমন পরিস্থিতিতে নাজিল হয় সুরা লুকমানের আয়াত। মহান আল্লাহ বলেন, ‘মানুষের মধ্যে এমন লোকও আছে, যে অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অবান্তর কথা কেনে এবং আল্লাহর পথকে বিদ্রুপ করে। এদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি’ (সুরা লুকমান : ৬)। এখানে ‘লাহওয়াল হাদিস’ বলতে শুধু গানকে বোঝানো হয়নি; বরং এর অর্থ ও পরিধি আরও ব্যাপক। গান ও বিনোদনের বিভিন্ন ধরন নিয়ে আলেমদের মধ্যে মতপার্থক্য থাকলেও মূল বিষয়টি স্পষ্ট—যে বিনোদন মানুষকে সত্য, দায়িত্ব ও জীবনের প্রকৃত উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে রাখে, তা আর সাধারণ বিনোদনের পর্যায়ে থাকে না।

বর্তমান সময়ে নাদর ইবনে হারেসের সেই ভূমিকা যেন পালন করছে বিভিন্ন ডিজিটাল ডিভাইস ও অ্যালগরিদম। আজকের নাদর কোনো একক ব্যক্তি নয়; বরং এর পেছনে রয়েছে একটি বাণিজ্যিক ব্যবস্থা। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম কিংবা টিকটক সরাসরি আমাদের কাছ থেকে অর্থ না নিলেও আমাদের সময় ও মনোযোগকে পণ্যে পরিণত করে বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করে। এখানে আমরা শুধু ব্যবহারকারী বা গ্রাহক নই; আমাদের মনোযোগই মূলত সবচেয়ে মূল্যবান পণ্য।


এ কারণেই ইনফিনিট স্ক্রল, অটো-প্লে এবং নোটিফিকেশনের লাল সংকেতের মতো বিভিন্ন ব্যবস্থা তৈরি করা হয়েছে, যাতে ব্যবহারকারীর পক্ষে থেমে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। এর অনিচ্ছাকৃত ক্ষতিকর প্রভাব নিয়ে ইনফিনিট স্ক্রলের উদ্ভাবক আজা রাসকিন নিজেও অনুতাপ প্রকাশ করেছেন। অতীতে নাদর ইবনে হারেসের গল্পের আসর সবার জন্য প্রায় একই রকম ছিল। কিন্তু বর্তমান ডিজিটাল জগতে প্রত্যেক ব্যবহারকারীর জন্য তৈরি হচ্ছে আলাদা আলাদা আসর। অ্যালগরিদম বুঝে নেয়, কোন বিষয় আমাদের বেশি আকর্ষণ করে, কোথায় আমরা থেমে যাই, কোন কনটেন্টে হাসি কিংবা রাগ প্রকাশ করি। এরপর আমাদের আগ্রহ ও প্রতিক্রিয়া অনুযায়ী একের পর এক একই ধরনের কনটেন্ট সামনে তুলে ধরে। এভাবে পকেটে থাকা ছোট্ট একটি স্ক্রিনই আমাদের মনোযোগ ও সময়ের সবচেয়ে বড় বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়ায়। পবিত্র কুরআন এ বিষয়ে সতর্ক করে বলেছে, ধনসম্পদ ও সন্তান-সন্ততি যেন মানুষকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন করে না ফেলে (সুরা মুনাফিকুন : ৯)।

দীর্ঘ সময় ধরে স্ক্রল করার অভ্যাসের কারণে আমরাও অনেক সময় নিজেদের জীবনের লক্ষ্য ও প্রকৃত সত্তা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। শুধু সময়ের অপচয়ই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ উসকে দেওয়া বিভিন্ন কনটেন্ট এবং গুজবের প্রবাহও সত্যকে আড়াল করে ফেলে। এ কারণে শোনা কোনো কথা যাচাই না করে প্রচার করা থেকে বিরত থাকা জরুরি। এ বিষয়ে সহিহ মুসলিমে বর্ণিত নির্দেশনা এবং মানুষের চোখ, কান ও অন্তরের জবাবদিহি সম্পর্কে পবিত্র কুরআনের সতর্কবার্তা স্মরণ রাখা প্রয়োজন (সুরা বনি ইসরাইল : ৩৬)। কোনো তথ্য যাচাই না করে অন্যের কাছে পৌঁছে দেওয়া কিংবা আবেগের বশে কোনো কিছু শেয়ার করার আগে আমাদের থামা উচিত।

একসময় নাদর ইবনে হারেস গল্প ও গানের মাধ্যমে মানুষের মনোযোগ নবীজি (সা.)-এর দাওয়াত থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আর আজকের ডিজিটাল ব্যবস্থা আরও ব্যক্তিগত ও সহজলভ্য উপায়ে আমাদের মনোযোগ নিয়ন্ত্রণ করছে। তাই প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজের কাছে একটি প্রশ্ন রাখা প্রয়োজন— আজ আমার মূল্যবান সময় ও মনোযোগ কার আসরে কেটেছে? আল্লাহর স্মরণে, প্রয়োজনীয় কাজে, নাকি অন্তহীন রিল ও স্ক্রলের জগতে? 

সময়ের আলো/প্রিন্ট/ইউএমএইচ 

  বিষয়:   রিলস  স্ক্রল  কুরআন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: