
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি : সময়ের আলো
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি : সময়ের আলোমানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং আল্লাহমুখী করাই চরমোনাই মাহফিল আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন পীর সাহেব চরমোনাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
তিনি বলেছেন, চরমোনাই মাহফিল কোনো দুনিয়াবি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়নি। পথভোলা মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনা এবং তাদের আত্মশুদ্ধির পথ দেখানোই এ মাহফিলের লক্ষ্য। তাই এখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে আসার প্রয়োজন নেই। কেউ এমন নিয়ত নিয়ে এসে থাকলে তা পরিবর্তন করে আত্মশুদ্ধির প্রস্তুতি নিতে হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা বরিশালের চরমোনাই মাদ্রাসার মূল মাঠসহ চারটি মাঠে তিন দিনব্যাপী মাহফিলের কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অধিবেশনে বক্তব্যে এসব কথা বলেন চরমোনাই পীর।
নতুন আসা মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন, দুনিয়ার ধ্যান-খেয়াল অন্তর থেকে দূর করে আখেরাতের চিন্তা ধারণ করতে হবে। অন্তর থেকে বড়ত্ব ও আমিত্বের ভাব দূর করে আল্লাহর দরবারে নিজেকে সোপর্দ করতে হবে। সব সময় আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তর সজীব রাখতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন ও আত্মশুদ্ধির প্রত্যয় নিয়ে মাহফিল থেকে বিদায় নিতে হবে।
মাহফিলে আসা মুসল্লিদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষ স্বাস্থ্যসেবার ব্যবস্থা রাখা হয়েছে। অসুস্থ ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসার পাশাপাশি জরুরি প্রয়োজনে হাসপাতালে নেওয়ার ব্যবস্থাও রয়েছে।
চারটি মাঠে সার্বিক শৃঙ্খলা রক্ষা ও মুসল্লিদের সেবায় নিয়োজিত রয়েছেন স্বেচ্ছাসেবকেরা। নিরাপত্তার দায়িত্বে রয়েছে বাংলাদেশ মুজাহিদ কমিটির নিজস্ব নিরাপত্তা দল। এ ছাড়া হারিয়ে যাওয়া ব্যক্তি ও মালামাল খুঁজে পেতে মাঠগুলোতে স্থাপন করা হয়েছে হারানো ক্যাম্প।
মুসল্লিদের জন্য খাবার, সুপেয় পানি, অজু, গোসল ও শৌচাগারের প্রয়োজনীয় ব্যবস্থাও রাখা হয়েছে।
তিন দিনব্যাপী এ মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বরা বয়ান পেশ করবেন। মাহফিলের নির্ধারিত সাতটি মূল বয়ানের মধ্যে চরমোনাই পীর পাঁচটি এবং শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম দুটি বয়ান পেশ করবেন।
এ ছাড়া মাহফিল উপলক্ষে বিভিন্ন ইসলামী ও সামাজিক সংগঠনের উদ্যোগে বিশেষ সম্মেলন, মতবিনিময় সভা ও প্রশিক্ষণমূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে। আগামী সোমবার (৩০ নভেম্বর) ভোরে চরমোনাই পীরের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ মাহফিলের সমাপ্তি হবে।
উল্লেখ্য, চরমোনাই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় ১৯২৪ সালে। চরমোনাই মাহফিল ও দরবারের প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ এছহাক (রহ.)। তাঁর ইন্তেকালের পর ১৯৭৭ সাল থেকে দরবারের দায়িত্ব পালন করেন মাওলানা সৈয়দ ফজলুল করীম (রহ.)। ২০০৬ সালে তাঁর ইন্তেকালের পর থেকে আমীরুল মুজাহিদীন হিসেবে দায়িত্ব পালন করছেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
সময়ের আলো/এসএকে