সংবাদ প্রচারের আগে সত্যতা যাচাই জরুরি : খতিব আব্দুল মালেক

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

দ্বীনি জ্ঞান অর্জন, প্রতিবেশীর অধিকার আদায় এবং সংবাদ প্রচারের ক্ষেত্রে সত্যতা যাচাইয়ের ওপর গুরুত্ব দিয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব

2026-11-27T20:31:19+00:00
2026-11-27T20:31:19+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
ইসলাম
সংবাদ প্রচারের আগে সত্যতা যাচাই জরুরি : খতিব আব্দুল মালেক
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৮:৩১ পিএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
দ্বীনি জ্ঞান অর্জন, প্রতিবেশীর অধিকার আদায় এবং সংবাদ প্রচারের ক্ষেত্রে সত্যতা যাচাইয়ের ওপর গুরুত্ব দিয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব ফকীহ মুহাম্মদ আব্দুল মালেক। তিনি বলেছেন, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা সংবাদ প্রচার করা উচিত নয়। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া তথ্যের বিষয়ে মুমিনদের সতর্ক থাকতে হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার বয়ানে এসব কথা বলেন তিনি। এ সময় ফরজে আইন পরিমাণ দ্বীনি জ্ঞান অর্জন, প্রতিবেশীর অধিকার, সংবাদ যাচাই, সাংবাদিকতার শরয়ি নীতিমালা এবং যাচাই ছাড়া তথ্য প্রচারের ধর্মীয় পরিণতি নিয়ে আলোচনা করেন খতিব।

ফকীহ মুহাম্মদ আব্দুল মালেক বলেন, প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন পরিমাণ দ্বীনি জ্ঞান অর্জন করা অপরিহার্য। পরিবারের প্রত্যেক সদস্যের কোরআন তিলাওয়াত, নামাজ, হালাল-হারাম, জায়েজ-নাজায়েজ এবং আল্লাহর ফরজ ও নিষিদ্ধ বিধান সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান থাকা দরকার। কোনো বিষয়ে না জানলে আশপাশের জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে তা শিখে নিতে হবে।

এ প্রসঙ্গে প্রতিবেশীদের কাছ থেকেও প্রয়োজনীয় দ্বীনি জ্ঞান অর্জনের বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার কথা উল্লেখ করেন তিনি।

প্রতিবেশীর পরিচয় তুলে ধরে খতিব বলেন, শুধু পাশের ফ্ল্যাট বা লাগোয়া বাড়িতে বসবাসকারী ব্যক্তিই প্রতিবেশী নন। একই ভবনের অন্য পরিবার, আশপাশের ভবনের বাসিন্দা, এমনকি আরও দূরের মানুষও প্রতিবেশীর অন্তর্ভুক্ত হতে পারেন।

তিনি বলেন, প্রতিবেশীদের পরিচয় জানা, তাদের যোগাযোগের নম্বর সংরক্ষণ করা এবং প্রয়োজনের সময় একে অপরের পাশে দাঁড়ানো উচিত। প্রতিবেশী অসুস্থ হলে খোঁজ নেওয়া, বিপদে সহযোগিতা করা, অভাবের সময় পাশে থাকা কিংবা কোনো পরিবার সমস্যায় পড়লে তাদের খোঁজখবর নেওয়া প্রতিবেশীর অধিকারের অংশ। কিন্তু আধুনিক জীবনযাত্রায় মানুষ ক্রমেই এসব অধিকারের বিষয়ে উদাসীন হয়ে পড়ছে।

সংবাদ ও তথ্য প্রচারে সতর্কতার গুরুত্ব বোঝাতে খতিব পবিত্র কোরআনের সূরা হুজুরাতের ষষ্ঠ আয়াতের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, কোনো ব্যক্তি বা সূত্র থেকে সংবাদ পেলেই তা যাচাই ছাড়া বিশ্বাস করা যাবে না। প্রথমে সংবাদটির সত্যতা নিশ্চিত করতে হবে। যাচাই না করে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখালে নিরপরাধ মানুষের ওপর জুলুম হওয়ার আশঙ্কা থাকে। পরে তথ্যটি মিথ্যা প্রমাণিত হলে অনুশোচনা করতে হয়।

তিনি বলেন, আগে একটি সংবাদ ছড়িয়ে দিতে একজনের কাছ থেকে আরেকজনের কাছে যেতে হতো। এখন মোবাইল ফোনের একটি ক্লিকেই হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মুহূর্তের মধ্যে তথ্য ছড়িয়ে পড়ে। অনেকে সত্যতা যাচাই না করেই বিভিন্ন গ্রুপে সংবাদ, ছবি ও ভিডিও শেয়ার করেন। এর মধ্যে কিছু তথ্য, ছবি ও ভিডিও এআই দিয়ে তৈরি।


এ অবস্থায় একজন মুমিনের দায়িত্ব হলো সচেতন ও সংযত থাকা। কোনো সংবাদ শুনেই বিশ্বাস করা বা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো উচিত নয়। বরং আগে তথ্যের সত্যতা যাচাই করে পরবর্তী করণীয় ঠিক করতে হবে।

সাংবাদিকতার ক্ষেত্রে শরিয়তের নির্দেশনা তুলে ধরে ফকীহ মুহাম্মদ আব্দুল মালেক বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ উঠলেই তা সংবাদমাধ্যমে প্রচার করা সমীচীন নয়। অভিযোগের সত্যতা ও প্রমাণ আছে কি না, তা আগে যাচাই করতে হবে। অভিযোগ প্রমাণিত না হলে তা প্রচার না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তথ্য পৌঁছে দেওয়ার পরামর্শ দেন তিনি।

তিনি আরও বলেন, কোনো তথ্য সত্য হলেও সব তথ্য প্রকাশ করা উচিত নয়। সেটি প্রকাশ করলে জাতি বা উম্মাহর কোনো কল্যাণ হবে কি না, কিংবা এর ফলে আরও বড় ক্ষতি বা ভুল বোঝাবুঝির আশঙ্কা আছে কি না, তা বিবেচনা করতে হবে।

অশ্লীলতার অভিযোগের ক্ষেত্রেও সতর্ক থাকার আহ্বান জানান খতিব। তিনি বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠলে তা প্রচার করা উচিত নয়। বরং বিচার ও শাস্তির বিষয়টি সামনে এলে মানুষ অন্যায় কাজের পরিণতি সম্পর্কে সচেতন হতে পারে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকতা পেশার ক্ষেত্রেও শরিয়তের বিভিন্ন বিধিবিধান রয়েছে। কোরআন-সুন্নাহ ও ইসলামী ফিকহে এ বিষয়ে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো শেখা এবং পেশাগত কাজে অনুসরণ করা প্রয়োজন। সাংবাদিকেরা এসব নীতিমালা মেনে চললে সমাজ সংশোধন, অন্যায় দূর করা ও ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

বয়ানে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস উল্লেখ করেন খতিব। হাদিসটির অর্থ হলো, কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শোনে, তা-ই প্রচার করে বেড়ায়।

তিনি বলেন, বর্তমান সময়ে মোবাইল ফোনে পাওয়া তথ্য যাচাই না করে শেয়ার করাও এই সতর্কবাণীর অন্তর্ভুক্ত। কেউ বলতে পারেন, তিনি নিজে মিথ্যা বলেননি, শুধু অন্যের পাঠানো তথ্য প্রচার করেছেন। কিন্তু তথ্যটি সত্য কি না, তা যাচাই না করে ছড়িয়ে দেওয়ার দায় এড়ানোর সুযোগ নেই।

খতিব বলেন, কোনো সংবাদ প্রচারের আগে তার সত্যতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সংবাদটি সত্য হলেও শরিয়তের নির্দেশনা অনুযায়ী তা প্রকাশ করা সমীচীন কি না, সেটিও বিবেচনায় নিতে হবে।

বয়ানের শেষাংশে মুমিনের জীবনের বিভিন্ন ক্ষেত্রে সচেতনতার ওপর গুরুত্ব দেন ফকীহ মুহাম্মদ আব্দুল মালেক। তিনি বলেন, সময় যত জটিল হচ্ছে, একজন মুমিনের সচেতনতার পরিধিও তত বাড়ানো প্রয়োজন। দ্বীনি জ্ঞান, প্রজ্ঞা ও সচেতনতা অর্জনের মাধ্যমে ব্যক্তিগত ও সামাজিক জীবনে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সংবাদ  খতিব  আব্দুল মালেক  জুমা  ইসলাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: