ঈমান ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত

মুফতি আনিসুর রহমান রিজভি

ইসলাম

মানব ইতিহাসে এমন কিছু মহিমান্বিত ব্যক্তিত্ব রয়েছেন, যাঁদের জীবন কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ নয়; বরং যুগের পর যুগ সত্য, নিষ্ঠা,

2026-11-28T15:58:07+00:00
2026-11-28T15:58:07+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
ইসলাম
ঈমান ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত
মুফতি আনিসুর রহমান রিজভি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৩:৫৮ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
গ্রাফিক : সময়ের আলো
মানব ইতিহাসে এমন কিছু মহিমান্বিত ব্যক্তিত্ব রয়েছেন, যাঁদের জীবন কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ নয়; বরং যুগের পর যুগ সত্য, নিষ্ঠা, আদর্শ ও নৈতিকতার আলোকবর্তিকা হয়ে পথ দেখায়। ইসলামের ইতিহাসে হজরত আবু বকর সিদ্দিক (রা.) তেমনই এক অনন্য মহাপুরুষ। তিনি ছিলেন রাসুলুল্লাহ (সা.)-এর একান্ত বিশ্বস্ত সঙ্গী, হিজরতের সহযাত্রী, ইসলামের প্রথম খলিফা, অসীম ত্যাগের প্রতীক এবং উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিত্বদের অন্যতম। তাঁর হৃদয়ে নবীপ্রেম ছিল অবিচল, ঈমান ছিল দৃঢ়, চরিত্র ছিল নির্মল এবং ইসলামের জন্য আত্মনিবেদন ছিল নিঃস্বার্থ ও অকল্পনীয়। সত্যের আহ্বানে যিনি সর্বপ্রথম নির্দ্বিধায় সাড়া দিয়েছেন, নবীজির প্রতিটি কথায় যিনি আস্থা রেখেছেন, ইসলামের সংকটময় মুহূর্তে যিনি সাহস ও দৃঢ়তার সঙ্গে পাশে দাঁড়িয়েছেন, সেই মহিমান্বিত ব্যক্তিত্বই হজরত আবু সিদ্দিক আকবর (রা.)। তাঁর মর্যাদা, মহত্ত্ব ও জীবনাদর্শ অনুধাবন করা মুসলিম উম্মাহর জন্য শুধু ইতিহাসচর্চা নয়; বরং ঈমানি চেতনা, নবীপ্রেম ও আত্মশুদ্ধির এক গুরুত্বপূর্ণ পাঠ।

সিদ্দিক উপাধিতে ভূষিত এক সত্যনিষ্ঠ মহাপুরুষ : হজরত আবু বকর (রা.)-এর নাম আবদুল্লাহ ইবনে উসমান। তিনি কুরাইশ বংশের বনু তাইম গোত্রের সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। তাঁর উপাধি ছিল ‘আস-সিদ্দিক’। সত্যকে অকুণ্ঠচিত্তে গ্রহণ, রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি অবিচল বিশ্বাস এবং তাঁর বক্তব্যের প্রতি নিঃসংশয় আস্থার কারণে তিনি এ মহান উপাধিতে ভূষিত হন। বিশেষত মিরাজের ঘটনা শুনে যখন অনেকেই সংশয় প্রকাশ করেছিল, তখন তিনি রাসুলুল্লাহ (সা.)-এর সত্যতার প্রতি দৃঢ় আস্থা প্রকাশ করেন। তাঁর ঈমানি দৃঢ়তা, সত্যনিষ্ঠা ও নবীপ্রেম তাঁকে মুসলিম উম্মাহর ইতিহাসে এক অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করেছে।

ইসলামের আহ্বানে অকুণ্ঠচিত্তে সাড়া : ইসলামের সূচনালগ্নে হজরত আবু বকর সিদ্দিক (রা.) ইসলাম গ্রহণ করেন এবং ইসলামের প্রচার-প্রসারে অসামান্য ভূমিকা রাখেন। তিনি ছিলেন বিচক্ষণ, সৎ, বিশ্বস্ত ও মানুষের কাছে গ্রহণযোগ্য এক ব্যক্তিত্ব। তাঁর আন্তরিক দাওয়াত ও প্রভাবের মাধ্যমে বহু বিশিষ্ট ব্যক্তি ইসলাম গ্রহণ করেন। হজরত উসমান ইবনে আফফান (রা.), হজরত আবদুর রহমান ইবনে আউফ (রা.), হজরত তালহা ইবনে উবাইদুল্লাহ (রা.) ও হজরত জুবাইর ইবনে আওয়াম (রা.)-এর মতো মহান সাহাবিদের ইসলাম গ্রহণে তাঁর দাওয়াত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি শুধু নিজে ঈমান গ্রহণ করেই দায়িত্ব শেষ করেননি; বরং অন্যদেরও সত্যের পথে আহ্বান করেছেন। তাঁর জীবন আমাদের শেখায়, একজন সত্যিকারের মুমিনের ঈমান ব্যক্তিগত গণ্ডিতে সীমাবদ্ধ থাকে না; বরং সে নিজের বিশ্বাস, চরিত্র ও কর্মের মাধ্যমে অন্যদের আলোর পথ দেখায়।

হিজরতের সফরে নবীজির একান্ত সঙ্গী : হজরত আবু বকর সিদ্দিক (রা.)-এর মর্যাদার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হলো হিজরতের ঐতিহাসিক সফরে রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গী হওয়া। মক্কার কাফেররা যখন মহানবী (সা.)-কে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত, তখন আল্লাহর নির্দেশে তিনি মদিনার উদ্দেশে হিজরত করেন। সেই কঠিন, বিপদসংকুল ও ঐতিহাসিক সফরে তাঁর সঙ্গী ছিলেন হজরত আবু বকর (রা.)। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা ইরশাদ করেন, ‘যখন তারা দুজন গুহার মধ্যে ছিলেন, তখন তিনি তাঁর সঙ্গীকে বললেন দুঃখ করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন’ (সুরা তওবা, আয়াত : ৪০)। এই আয়াতে ‘সঙ্গী’ হিসেবে হজরত আবু বকর (রা.)-এর উল্লেখ তাঁর মর্যাদার এক অনন্য দলিল। গুহায় অবস্থানকালে তাঁর উদ্বেগ ছিল নিজের জন্য নয়; বরং প্রিয় নবী (সা.)-এর নিরাপত্তার জন্য। এই ঘটনা তাঁর নবীপ্রেম, দায়িত্ববোধ, সাহস ও আত্মনিবেদনের এক অসাধারণ দৃষ্টান্ত।

রাসুলুল্লাহ (সা.)-এর হৃদয়ে বিশেষ স্থান : হজরত আবু বকর সিদ্দিক (রা.) ছিলেন রাসুলুল্লাহ (সা.)-এর অত্যন্ত প্রিয় ও বিশ্বস্ত সাহাবি। তাঁর প্রতি নবীজির ভালোবাসা, আস্থা ও সম্মান বিভিন্ন হাদিসে সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন ‘যদি আমি আমার উম্মতের মধ্য থেকে কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম, তবে আবু বকরকে গ্রহণ করতাম। তবে ইসলামের ভ্রাতৃত্ব ও ভালোবাসাই যথেষ্ট’ (সহিহ বুখারি, হাদিস : ৩৬৫৪)। এই হাদিস তাঁর মর্যাদা ও রাসুলুল্লাহ (সা.)-এর হৃদয়ে বিশেষ অবস্থানের এক গুরুত্বপূর্ণ প্রমাণ। তিনি শুধু একজন সাহাবি ছিলেন না; বরং নবীজির দুঃখ-সুখ, বিপদাপদ ও গুরুত্বপূর্ণ মুহূর্তের বিশ্বস্ত সঙ্গী ছিলেন।

সম্পদ বিলিয়ে ইসলামের জন্য আত্মনিবেদন : ইসলামের জন্য হজরত আবু বকর সিদ্দিক (রা.)-এর আত্মত্যাগ ছিল অসাধারণ। তিনি ছিলেন সম্পদশালী ব্যবসায়ী; কিন্তু তাঁর সম্পদ তাঁর কাছে ব্যক্তিগত ভোগ-বিলাসের উপকরণ ছিল না। বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন ও দ্বীনের কল্যাণে ব্যয় করার মাধ্যম ছিল। নির্যাতিত মুসলমানদের মুক্ত করতে তিনি নিজের সম্পদ ব্যয় করেন। হজরত বিলাল (রা.)-সহ বহু অসহায় মুসলমানকে দাসত্ব ও নির্যাতনের শৃঙ্খল থেকে মুক্ত করেন। তাঁর এই আত্মত্যাগের প্রশংসায় পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘যে ব্যক্তি তার সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্য, তার ওপর কারও কোনো অনুগ্রহের প্রতিদান দেওয়ার দায় থাকে না। বরং সে দান করে তার মহান রবের সন্তুষ্টি অর্জনের জন্য। আর অচিরেই সে সন্তুষ্ট হবে’ (সুরা লাইল, আয়াত : ১৮-২১)। তাফসিরের বহু বর্ণনায় এই আয়াতগুলো হজরত আবু বকর সিদ্দিক (রা.)-এর দানশীলতা ও আত্মত্যাগের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। তিনি প্রমাণ করেছেন, প্রকৃত ঈমান মানুষের হৃদয়কে সম্পদ, স্বার্থ ও ব্যক্তিগত সুখের ঊর্ধ্বে তুলে আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদিত করে।

প্রথম খলিফা হিসেবে প্রজ্ঞা, সাহস ও দৃঢ়তা : রাসুলুল্লাহ (সা.)-এর ওফাতের পর মুসলিম উম্মাহ যখন গভীর শোক ও সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন হজরত আবু বকর সিদ্দিক (রা.) খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। তাঁর খেলাফতকাল ছিল ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংকটপূর্ণ সময়। বিভিন্ন গোত্রের বিদ্রোহ, জাকাত অস্বীকার, মিথ্যা নবুয়তের দাবিদারদের উত্থান এবং মুসলিম সমাজের ঐক্য রক্ষার কঠিন চ্যালেঞ্জ তাঁর সামনে উপস্থিত হয়েছিল। তিনি অসাধারণ দৃঢ়তা, প্রজ্ঞা ও সাহসিকতার সঙ্গে এসব সংকট মোকাবিলা করেন। জাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে তাঁর দৃঢ় অবস্থান ইসলামের সামাজিক ও ধর্মীয় বিধান সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাঁর শাসনামলে কুরআন সংকলনের উদ্যোগ গ্রহণ করা হয়, যা পরবর্তী সময়ে কুরআন সংরক্ষণের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে। তাঁর নেতৃত্বে মুসলিম উম্মাহ বিভক্তির সংকট থেকে উত্তরণ লাভ করে এবং ইসলামের ভিত্তি সুদৃঢ় হয়। তাঁর খেলাফত ছিল ন্যায়পরায়ণতা, দায়িত্বশীলতা, বিনয় ও দৃঢ়তার এক অনন্য দৃষ্টান্ত।

লেখক : এমফিল গবেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

সময়ের আলো/প্রিন্ট/জেডআই
  বিষয়:   ইসলাম  ঈমান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: