মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিন দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এবং বন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপ যৌথভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইতোমধ্যে চিঠির মাধ্যমে দুই দেশের ব্যবসায়ী সংগঠন, সংশ্লিষ্ট দফতর ও গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছে বন্দর কর্তৃপক্ষ। তবে এই সময়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার সম্পূর্ণ স্বাভাবিক থাকবে।
সোমবার (২৫ মে) সকালে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফে এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহীনুর ইসলাম শাহীন মণ্ডল স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
চিঠিতে জানানো হয়, পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত টানা সাত দিন হিলি স্থল শুল্ক স্টেশনের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এবং আমদানি-রফতানিকারক গ্রুপের সকল ব্যবসায়িক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। ঈদের ছুটি শেষে আগামী ১ জুন (সোমবার) থেকে এই বন্দর দিয়ে পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রফতানিসহ সব কার্যক্রম পূর্বের নিয়মে চালু হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, ঈদুল আজহা উপলক্ষে হিলি বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও ইমিগ্রেশনের কার্যক্রম চালু থাকবে। ফলে দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি পারাপার করতে পারবেন।
সময়ের আলো/জোই