সিলেট বিভাগে হাম ও রুবেলার পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ জনে।
সোমবার (২৫ মে) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মারা যাওয়া শিশুদের মধ্যে রয়েছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ১ বছর ২ মাস বয়সী মহসিন। সে সিলেট শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ ছাড়া সিলেট সদর উপজেলার পীরপুর এলাকার ৮ মাস বয়সী মাজহারুল এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। একই হাসপাতালে মারা যায় মৌলভীবাজার সদর উপজেলার বরকাপন এলাকার ৪ মাস বয়সী শিশু তানিয়া।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগে ৫১ জন এবং ল্যাব নিশ্চিত হাম রোগে ৪ জনসহ মোট ৫৫ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৮ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৭০ জন।
এর মধ্যে শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন ৮৩ জন এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৮ জন রোগী।
সময়ের আলো/জোই