পরিবহন মালিক সমিতি তাদের বিভিন্ন জেলা শাখা ও ইউনিট শাখার বিভিন্ন বাসে ঈদযাত্রা অতিরিক্ত ভাড়া আদায় করে নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুুরী
সোমবার (২৫ মে) দেশের গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি তাদের বিভিন্ন জেলা শাখা ও ইউনিট শাখার বিভিন্ন বাসে আসন্ন পবিত্র ঈদুল আযহায় অতিরিক্ত ভাড়া আদায় না করার প্রতিশ্রুতি করেছিল। কিন্তু তা তারা ভঙ্গ করেছে। অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে সড়কে মৃত্যুর মিছিল শুরু হয়েছে।
অনতিবিলম্বে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধে সরকারের নির্দেশনা মান্য করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান তিনি।
যাত্রী কল্যাণ সমিতি বলছে, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের সামর্থ্যহীন মানুষরা ট্রেনের ছাদে, বাসের ছাদে, খোলা ট্রাকে, পণ্য বোঝাই ট্রাকের উপর কম ভাড়ায় যাতায়াতে বাধ্য হচ্ছে। যাদের ঘাম শ্রমে আমাদের অর্থনীতির মজবুত হয়, তাদের বছরে দুটি ঈদে নিরাপদ ও নির্বিঘ্নে যাত্রা নিশ্চিতে রাষ্ট্র বার বার ব্যর্থ হচ্ছে।
একইসঙ্গে দুযোর্গপূর্ণ এবারের ঈদ মৌসুমে সড়ক, রেল ও নৌ-পথে অতিরিক্ত যাত্রী বোঝাই হওয়া থেকে বিরত থাকা, নিজের ও পরিবারের সদস্যদের জীবন ঝুঁকিতে ফেলে বাসের ছাদে, পণ্য বোঝাই ট্রাকের ছাদে, খোলা ট্রাকে, ট্রেনের ছাদে ভ্রমণ থেকে বিরত থাকা, ফিটনেসবিহীন বাস ও লঞ্চে আরোহণ না করার জন্য দেশের যাত্রী সাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে যাত্রী অধিকার সুরক্ষায় নিয়োজিত সংগঠনটি।
সময়ের আলো/আআ