নোয়াখালীর চাটখিল উপজেলায় এসএসসি পরীক্ষার্থী তাসফিয়া আক্তার রাশেদা (১৬) নিখোঁজ হওয়ার ৫ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। পরীক্ষা দিতে গিয়ে এভাবে শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় রাশেদার পরিবারের সদস্যদের মধ্যে গভীর উদ্বেগ ও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নিখোঁজ তাসফিয়া নোয়াখালীর চাটখিল উপজেলার উত্তর মোহাম্মদপুর গ্রামের রাশেদুল ইসলাম ওরফে ইমনের মেয়ে। সে স্থানীয় মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।
পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে পার্শ্ববর্তী সোনাইমুড়ী উপজেলার জয়াগ কলেজে ব্যাবহারিক (প্রাক্টিক্যাল) পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বের হয় রাশেদা। তবে পরীক্ষা শেষ হওয়ার দীর্ঘ সময় পরও সে আর বাড়িতে ফিরে আসেনি।
সম্ভাব্য সব স্থানে ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে অবশেষে শুক্রবার রাতে রাশেদার মা লাইলী বেগম বাদী হয়ে চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ করেন।
নিখোঁজের পর ৫ দিন পেরিয়ে গেলেও এ স্কুলছাত্রীর কোনো সন্ধান বা উদ্ধার তৎপরতা দৃশ্যমান না হওয়ায় পরিবারের উৎকণ্ঠা দিন দিন বাড়ছে।
এ ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ জানান, তিনি ব্যক্তিগত ছুটিতে থাকায় বিষয়টি সম্পর্কে পূর্বে অবগত ছিলেন না। তবে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে নিখোঁজ ছাত্রীকে দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
সময়ের আলো/জোই