রাজধানীর বাড্ডায় চিপস তৈরির কারখানায় আগুনে পুড়ে দুই কর্মচারীর মৃত্যু হয়েছে। মৃতরা হলেন রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার বাসিন্দা মোস্তফা (২১) ও মাহমুদুল হাসান (২৩)।
সোমবার (২৫ মে) দিবাগত রাত ২টার দিকে পূর্ব বাড্ডা কবরস্থান রোডের মারিয়া আব্দুল্লাহ চিপস তৈরির কারখানায় এ ঘটনা ঘটে।
বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) মো. আজহারুল ইসলাম জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের উৎপত্তি ঘটে। এরপর ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিভিয়ে ফেলে এবং দুই কর্মচারীর মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
ওই কারখানার কর্মচারী মো. রাকিবুল ইসলাম জানান, দোতলা টিনশেড কারখানাটিতে গতরাতে তারা ১০জন কর্মচারী কাজ করছিল।
তিনি আরও জানান, গতরাত ১০টায় তারা খাওয়াদাওয়া করে দোতলায় ঘুমিয়ে পড়ে। রাত ২টার দিকে গরম হাওয়া ও ধোয়ায় তাদের ঘুম ভেঙে যায়। এরপর নিচ থেকে চিল্লাচিল্লির আওয়াজ কানে ভেসে আসে। তখন কারখানার সবাই বাইরে বের হলেও মোস্তফা ও মাহমুদুল বের হতে পারেনি।
/মহু