রাজধানীর মেট্রোরেলে প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য ভাড়া ছাড়ের নতুন সুবিধা চালু করেছে সরকার। এখন থেকে ৬৫ বছর বা তার বেশি বয়সী ব্যক্তি এবং প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীরা একক যাত্রার টিকিটে ২৫ শতাংশ পর্যন্ত ভাড়া ছাড় পাবেন।
সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এ কার্যক্রমের উদ্বোধন করেন।
ডিএমটিসিএল জানিয়েছে, সামাজিক অন্তর্ভুক্তি ও জনবান্ধব গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীরা ১৫ শতাংশ ভাড়া ছাড় পেতেন। নতুন সিদ্ধান্তে সেই সুবিধা বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি প্রথমবারের মতো প্রবীণ নাগরিকদেরও এই ছাড়ের আওতায় আনা হয়েছে।
আরও পড়ুন
এই সুবিধা পেতে প্রবীণ যাত্রীদের জাতীয় পরিচয়পত্র দেখিয়ে বয়স যাচাই করতে হবে। অন্যদিকে প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সমাজকল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত ‘সুবর্ণ’ পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।
তবে এই ছাড় শুধুমাত্র একক যাত্রার টিকিটের ক্ষেত্রে কার্যকর হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একজন যাত্রী একটি পরিচয়পত্রের বিপরীতে একবারে একটি ছাড়যুক্ত টিকিট সংগ্রহ করতে পারবেন এবং সেই টিকিট অন্য কাউকে ব্যবহার করতে দেওয়া যাবে না।
মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা আরও জানিয়েছে, নিবন্ধিত যাত্রীদের তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করা হবে এবং সফল নিবন্ধনের পর তাদের একটি ইউনিক আইডি দেওয়া হবে। একই সঙ্গে ছাড় প্রাপ্ত যাত্রীদের টিকিট গ্রহণে অগ্রাধিকার সুবিধাও রাখা হচ্ছে।
এএডি/