দক্ষিণ লেবাননে যুদ্ধ চলাকালে ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) সার্জেন্ট নেহোরাই লাইজার নামে এক ১৯ বছর বয়সী সৈন্য নিহত হয়েছেন।
আইডিএফের তথ্যমতে, তিনি ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহরের বাসিন্দা ছিলেন এবং ৪০১তম আর্মার্ড ব্রিগেডের অধীন ৬০১তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নে দায়িত্ব পালন করছিলেন। তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, হিজবুল্লাহর ছোঁড়া একটি বিস্ফোরক ড্রোনের আঘাতে তিনি নিহত হন। তার মরদেহ আগামীকাল মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টায় এলাত শহরে সামরিক কবরস্থানে দাফন করা হবে।
ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কেএএন নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তার বোন মাই লেইজার বলেন, তিনি অত্যন্ত বিনয়ী ও হৃদয়বান ছিলেন।
তিনি আরও জানান, লাইজার সংগীতপ্রেমী ছিলেন এবং অবসর সময়ে গান লিখতেন।
ঘটনার সময় আরও একজন সেনা গুরুতর আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে লাইজারের প্রশংসা করে বলেন, আইলাত শহরের এক অসাধারণ যুবক বীরত্বের সঙ্গে লড়াই করেছেন এবং আত্মত্যাগের মাধ্যমে হিজবুল্লাহর বিরুদ্ধে আমাদের উত্তর সীমান্ত রক্ষা করেছেন।
প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক্সে লেখেন, ইলাত শহরের সন্তান নেহোরাই আমাদের মধ্যে সেরাদের একজন ছিলেন। তরুণ বয়স থেকেই তিনি ইহুদিবাদ ও দায়িত্ববোধে অনুপ্রাণিত ছিলেন। তিনি যুব আন্দোলনের সদস্য ছিলেন এবং গত এক বছর যাবৎ একজন যুদ্ধসৈনিক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে দক্ষিণ লেবাননে নিহত দশম আইডিএফ সেনা ছিলেন লাইজার।
/ইউএমএইচ