ঈদ উপলক্ষে বাড়ি ফেরার আনন্দ মুহূর্তেই রূপ নিয়েছে বিষাদে। টাঙ্গাইলের কালিহাতীতে রডবাহী ট্রাক উল্টে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নওগাঁর মান্দা উপজেলার অন্তত ১৩ জন নিহত হয়েছেন।
এই খবর এলাকায় পৌঁছানোর পর উপজেলার রাজেন্দ্রবাটি, পাকুড়িয়া ও মজিদপুর গ্রামে শুরু হয়েছে মাতম। স্বজনদের হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা, পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
স্থানীয় ও নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি, পাকুড়িয়া ও মজিদপুর মূলত দরিদ্রপ্রবণ গ্রাম। এসব গ্রামের মানুষ জীবিকার তাগিদে নোয়াখালী ও ফেনী জেলার বিভিন্ন এলাকায় হরেক মালের ফেরি ব্যাবসা করতেন। গ্রামগুলো থেকে শতাধিক মানুষ ওই জেলাগুলোতে গিয়ে ১৫ দিন থেকে এক মাস পর্যন্ত ব্যাবসা করে জীবিকা নির্বাহ করেন।
সবশেষ গত ২০-২৫ দিন আগে তারা ব্যাবসার উদ্দেশ্যে নোয়াখালী যান। সামনে পবিত্র ঈদ উপলক্ষে পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে এবং যাতায়াত খরচ বাঁচাতে তারা ২৬ জন মিলে একটি ট্রাকে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
সোমবার (২৫ মে) ভোরে টাঙ্গাইলের কালিহাতী এলাকায় পৌঁছালে রডবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে রডের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৩ জন প্রাণ হারান। এর মধ্যে রাজেন্দ্রবাটি গ্রামেরই নিহত হয়েছেন ৭ জন।
আরও পড়ুন
দুর্ঘটনায় কেউ বাবা, কেউ স্বামী, কেউ সন্তান আবার কেউ তার ভাইকে হারিয়েছেন। হঠাৎ এমন বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে গ্রামীণ পরিবেশ। নিহতদের মরদেহ দ্রুত গ্রামের বাড়িতে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। একই সাথে হতদরিদ্র এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে এবং আহতদের সুচিকিৎসায় সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা।
সময়ের আলো/জেডি