চাঁদপুরের কচুয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পৃথক দুটি অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২৪ মে) রাতে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের একটি দল উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের দোয়াটি এলাকার তেতৈয়া-দোয়াটি সড়কে ওত পাতে। এ সময় একটি সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন— কচুয়া পৌরসভার করইশ এলাকার ইমাম হোসেন (৩০) ও মাসুদ প্রধান (৩৬) এবং নওগাঁর মান্দা উপজেলার কুকরাইল এলাকার আমিনুর সর্দার (৩৬)।
অন্যদিকে একই রাতে এসআই মো. সোহেল খানের নেতৃত্বে পুলিশের আরেকটি দল উপজেলার ৯নং কড়াইয়া ইউনিয়নের নলুয়া এলাকায় পৃথক অভিযান চালায়। এ সময় মনির হোসেন (৪৮) নামে এক মাদক কারবারিকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। আজ সোমবার (২৫ মে) তাদের কঠোর পুলিশ পাহারায় চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের চলমান অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।
সময়ের আলো/জেডি