পবিত্র ঈদ উপলক্ষে ময়মনসিংহ সিটি করপোরেশনে (মসিক) কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২৫ মে) দুপুরে নগরের টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এই উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে নিয়োজিত ৬৮৭ জন পরিচ্ছন্নতাকর্মীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে নগদ অর্থ ঈদ উপহার হিসেবে প্রদান করা হয়। উল্লেখ্য, গত ঈদুল ফিতর উপলক্ষেও মসিকের পক্ষ থেকে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছিল।
অর্থ বিতরণ অনুষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশ্যে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেন, ‘আজ থেকে ঝাড়ু দিয়ে কেউ রাস্তায় ময়লা রেখে আসবেন না। আপনাদের পলিথিন দেওয়া হবে, সেই পলিথিনে ময়লা ভরে নির্দিষ্ট স্থানে রাখবেন, যেন ময়লার গাড়ি এসে সহজে নিয়ে যেতে পারে। সবাই মিলে আমরা এই নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চাই।’
তিনি আরও যোগ করেন, ‘জনগণ আমাদের সেবায় সন্তুষ্ট না হলে কর (ট্যাক্স) দেবে না। তাই জনগণকে সেবাটা সঠিকভাবে দিতে হবে। এ জন্য পরিচ্ছন্নতাকর্মীদের নিষ্ঠার সাথে কাজ করতে হবে। আমি এই নগরকে বদলে দিতে চাই।’
সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদের সভাপতিত্বে এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা শিরিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধান ভান্ডার কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-৩ ফৌজিয়া নাজনীন, মহাব্যবস্থাপক (পরিবহন) মোহাম্মদ রাজীব-উল-আহসান, প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা সীতেষ চন্দ্র সরকার, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-১) নাহিদ হাসান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা নাসরীন বেগম সেতু, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এইচ কে দেবনাথ এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সময়ের আলো/জেডি