গাজায় ইসরায়েলি আটকের পর নির্যাতনের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গাজায় ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার সময় ইসরায়েলের হাতে আটক হওয়া অস্ট্রেলিয়ান অ্যাক্টিভিস্টরা দেশে ফিরে এসে নির্যাতন, যৌন নিপীড়ন ও মারধরের

2026-05-25T21:36:23+00:00
2026-05-25T21:36:23+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
গাজায় ইসরায়েলি আটকের পর নির্যাতনের অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৯:৩৬ পিএম 
গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একজন অস্ট্রেলীয় সদস্য, যাদের বহর ইসরায়েলি বাহিনী আটক করেছিল। ছবি : আল-জাজিরা
গাজায় ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার সময় ইসরায়েলের হাতে আটক হওয়া অস্ট্রেলিয়ান অ্যাক্টিভিস্টরা দেশে ফিরে এসে নির্যাতন, যৌন নিপীড়ন ও মারধরের অভিযোগ করেছেন। আয়োজকদের দাবি, কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে। 

গাজার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে অংশ নেওয়া অস্ট্রেলিয়ান সদস্যরা রোববার ও সোমবার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে পৌঁছান। তাদের একজন, অস্ট্রেলিয়ান অ্যাক্টিভিস্ট ও প্রামাণ্যচিত্র নির্মাতা জুলিয়েট ল্যামন্ট জানান, আটক অবস্থায় তাকে টেনে-হিঁচড়ে নেওয়া হয়, যৌন নির্যাতন করা হয় এবং মারধর করা হয়।

তিনি রয়টার্সকে বলেন, এটি ছিল চার দিনের ভয়াবহ অভিজ্ঞতা। আমি এমন কিছু মানুষের চোখের দিকে তাকিয়েছি, যাদের মধ্যে কোনো মানবিকতা দেখিনি। এই মানুষগুলোকে থামাতে হবে। 

আরেক অ্যাক্টিভিস্ট স্যাম ওরিপা ওয়াটসন জানান, তার পাঁজর ভেঙে গেছে এবং শরীরজুড়ে আঘাত ও কাটার চিহ্ন রয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অ্যাক্টিভিস্টদের লক্ষ্য করে টেজার, রাবার বুলেট এবং স্টান গ্রেনেড ব্যবহার করা হয়েছে। 

গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলাটি আটক করে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ সহায়তা পৌঁছানো ঠেকাতেই এই অভিযান চালানো হয় বলে অভিযোগ উঠেছে। ফ্লোটিলায় ৪০টি দেশের মোট ৪৩০ জন স্বেচ্ছাসেবক অংশ নিয়েছিলেন, যার মধ্যে ১১ জন ছিলেন অস্ট্রেলিয়ান। 

গাজাগামী এইড ফ্লোটিলার আয়োজকরা অভিযোগ করেছেন, আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করা কর্মীরা ইসরায়েলি হেফাজতে নির্যাতনের শিকার হয়েছেন। তাদের দাবি, অন্তত ১৫টি যৌন নিপীড়ন বা ধর্ষণের ঘটনার তথ্য পাওয়া গেছে। 


ইসরায়েলের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মালয়েশিয়ার 

এদিকে, মালয়েশিয়ার এক শীর্ষ আঞ্চলিক কর্মকর্তা জানিয়েছেন, ফ্লোটিলায় অংশ নেওয়া মালয়েশিয়ান কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রস্তুতি নিচ্ছে দেশটি। 

তিনি বলেন, আইনজীবীরা প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ সংগ্রহের কাজ শেষ করলেই আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করা হবে।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লোটিলা কর্মীদের স্বাগত জানাতে গিয়ে মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের মুখ্যমন্ত্রী আমিরুদ্দিন শারি বলেন, আমরা চুপ করে থাকব না। আমরা থামব না। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সব নথি সংগ্রহ করা হচ্ছে। ফ্লোটিলার অংশগ্রহণকারীদের একাধিকবার অপহরণ করা হয়েছে এবং তাদের নির্যাতন করা হয়েছে। 

তিনি আরও বলেন, আমরা বিষয়টি আন্তর্জাতিক আদালতে নিয়ে যাব। কূটনৈতিক চাপ অব্যাহত থাকবে এবং আমরা পুরো মালয়েশিয়াজুড়ে এই ইস্যুতে প্রচারণা চালাব। 

উগ্র ডানপন্থী ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির গত সপ্তাহে একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে দেখা যায়, ফ্লোটিলার কর্মীরা আশদোদ বন্দরে হাঁটু গেড়ে বসে আছেন, তাদের চোখ বাঁধা এবং হাত বাঁধা অবস্থায় মাটিতে বসিয়ে রাখা হয়েছে। 

এই ফুটেজ বিশ্বজুড়ে ক্ষোভের সৃষ্টি করে। এরপর ফ্রান্স ঘোষণা দেয় যে তারা বেন-গভিরের ওপর দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।

রোববার কাতার, সৌদি আরব, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মিশর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা বেন-গভিরের কর্মকাণ্ডকে ভয়াবহ, অবমাননাকর ও অগ্রহণযোগ্য বলে নিন্দা জানান। 

এক যৌথ বিবৃতিতে তারা বলেন, বন্দিদের ইচ্ছাকৃতভাবে প্রকাশ্যে অপমান করা আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে ইসরায়েলের বাধ্যবাধকতার লঙ্ঘন।


সূত্র : আল-জাজিরা 

/ইউএমএইচ



  বিষয়:   গাজা  ইসরায়েল  গ্লোবাল সুমুদ ফ্লোটিলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: