পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছেন হাজারো মানুষ। ঈদযাত্রার চতুর্থ দিনে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে ঘরমুখো মানুষের ব্যাপক চাপ। সকাল থেকেই স্টেশনের প্ল্যাটফর্ম, প্রবেশপথ ও ট্রেনের বগিগুলোতে ছিল উপচেপড়া ভিড়।
বিশেষ করে উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে যাত্রীচাপ ছিল সবচেয়ে বেশি। নির্ধারিত আসনের বাইরে দাঁড়িয়ে, দরজায় ঝুলে এমনকি জানালার পাশে অবস্থান নিয়েও অনেককে যাত্রা করতে দেখা গেছে। অতিরিক্ত ভিড়ের কারণে কিছু যাত্রীকে ট্রেনের ছাদেও উঠতে দেখা যায়, যা নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।
রেলওয়ে সূত্র জানায়, উত্তরাঞ্চলের কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে ছেড়ে যাচ্ছে। এতে পরিবার নিয়ে বাড়ি ফেরা যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। দীর্ঘ সময় অপেক্ষা, অতিরিক্ত গরম এবং ভিড়ের কারণে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েছেন।
আরও পড়ুন
অন্যদিকে পূর্বাঞ্চলগামী ট্রেনগুলো তুলনামূলক সময়মতো চলাচল করায় ওই রুটের যাত্রীরা কিছুটা স্বস্তিতে ঢাকা ছাড়তে পেরেছেন। স্টেশনে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত রেলওয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঈদকে কেন্দ্র করে আগামী কয়েকদিন যাত্রীচাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই আগাম টিকিট সংগ্রহ এবং নিরাপদ ভ্রমণে সচেতন থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এএডি/