গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করায় কম টাকায় বাড়ি যাওয়ার জন্য এবার ঈদযাত্রায় মহাসড়কে যাত্রীদের অন্যতম ভরসা ট্রাক।
মঙ্গলবার (২৬ মে) সকালে চন্দ্রা এলাকায় এমনই চিত্র দেখা গেছে।
জানা গেছে, ঈদের মাত্র দুদিন বাকি। ফলে, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় যাত্রীদের ঢল নেমেছে। গণপরিবহনে ভাড়া বেশি নেওয়ার কারণে ট্রাক, পিকআপ, মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছেন তারা। মঙ্গলবার কালিয়াকৈর উপজেলার সকল শিল্প কারখানা ছুটি ঘোষণা করায় চন্দ্রা-নবীনগর ও চন্দ্রা-গাজীপুর মহাসড়কে দেখা দিয়েছে ১০ কিলোমিটার জুড়ে পরিবহনের দীর্ঘ লাইন। থেমে থেমে চলছে পরিবহন, বৃষ্টির কারণে দুর্ভোগ বেড়েছে আরও কয়েক গুণ। তবে মহাসড়কে হাইওয়ে ও ট্রাফিক পুলিশের শতাধিক সদস্যকে টহল দিতে দেখা যায়। দুপুরের মধ্যে এই যানজটের তীব্রতা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নাওজোড় থানার ওসি সওগাতুল আলম জানান, গাড়ি ও মানুষের চাপ বেড়েছে। ভাড়া বেশি নিচ্ছে এরকম অভিযোগ পাইনি। ট্রাকে যাত্রীদের যাওয়া নিষেধ। আমি বিষয়টি দেখে ব্যবস্থা নিচ্ছি।
/মহু