লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সঙ্গে পার্শ্ববর্তী জেলার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম নোয়াখালী থেকে কমলনগর পর্যন্ত বিস্তৃত ফজুমিয়ার হাট হাসপাতাল সড়ক। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে সড়কটি। সামান্য বৃষ্টিতেই পুরো সড়ক কাদামাটি ও পানিতে ডুবে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমে এই গুরুত্বপূর্ণ সড়কের অবস্থা আরও অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত রোগী নোয়াখালী সদর হাসপাতালে যাতায়াত করেন। কিন্তু ভাঙাচোরা ও কর্দমাক্ত অবস্থার কারণে রোগী ও তাদের স্বজনদের দুর্ভোগ এখন চরমে পৌঁছেছে।
এলাকাবাসীর অভিযোগ, কমলনগর উপজেলার গুরুত্বপূর্ণ তিনটি বাজার— বড় হাজির হাট, তোরাবগঞ্জ ও ফজুমিয়ার হাট থেকে সরকার প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় করে। তবুও দীর্ঘদিন ধরে সড়কটির উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সড়কের প্রায় ৭০০ ফুট অংশ জরুরি ভিত্তিতে সিসি ঢালাইয়ের মাধ্যমে সংস্কার করা প্রয়োজন। এতে সড়কটি দীর্ঘস্থায়ী হবে এবং জনগণের দুর্ভোগ অনেকাংশে কমবে বলে মনে করছেন তারা।
জনদুর্ভোগ কমাতে এবং জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত সময়ের মধ্যে সড়কটির সংস্কার কাজ শুরু করে, এটাই এখন কমলনগর বাসী ও স্থানীয়দের মূল দাবি। অন্যথায়, বর্ষা মৌসুমে এখানকার যোগাযোগব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান বলেন, ‘বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা বলে দ্রুত প্রকৌশলী পাঠানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
/মহু