কোরবানির ঈদ সামনে রেখে জমে উঠেছে কেরানীগঞ্জের পশুর হাট। উপজেলার রসুলপুর মাদ্রাসা পশুর হাটে আনা ১৪০০ কেজি ওজনের ‘টাইসন’ নজর কেড়েছে সবার।
জুবাইদা এগ্রোর খামারি গাজী জাহাঙ্গীর জানান, আড়াই বছর বয়সি ভাটি ক্রস জাতের এ ষাঁড়টি দেখতে ভিড় করছেন অনেক মানুষ। সাদা-কালো রঙের গরুটির উচ্চতা প্রায় ৬৭ ইঞ্চি এবং দৈর্ঘ্য প্রায় ৯ ফুট। জন্মের পর থেকেই প্রাকৃতিক উপায়ে ঘাস, খড়, ভুসি ও দেশীয় খাবার খাইয়ে গরুটিকে বড় করা হয়েছে। তিনি দাবি করেন, টাইসনকে মোটাতাজা করতে কোনো ধরনের স্টেরয়েড বা ক্ষতিকর ইনজেকশন ব্যবহার করা হয়নি। নিয়মিত পরিচর্যা ও পুষ্টিকর খাবারের কারণেই গরুটি অস্বাভাবিক বড় আকার ধারণ করেছে।
খামারি আরও জানান, গরুটির দাম হাঁকা হয়েছে ১১ লাখ টাকা। তবে এখন পর্যন্ত ক্রেতারা সর্বোচ্চ ৮ লাখ টাকা পর্যন্ত প্রস্তাব দিয়েছেন।
হাটে আসা দর্শনার্থী তাবিবুর রহমান বলেন, ‘এত বড় গরু কাছ থেকে আগে দেখিনি। তাই পরিবার নিয়ে দেখতে এসেছি। অনেকেই টাইসনের সঙ্গে ছবি তুলছেন।’
হাটের ইজারাদার ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম বলেন, ‘টাইসনকে ঘিরে মানুষের আগ্রহ বেড়েছে কয়েকগুণ। আশা করছি, ভালো দামে বিক্রি হবে গরুটি।’
/মহু