ঈদে সেমাইয়ের ৫ পদ

সময়ের আলো ডেস্ক

ফিচার

ঈদের সকাল যেন সেমাই ছাড়া পূর্ণতা পায় না। অতিথি আপ্যায়ন থেকে পরিবারের একসঙ্গে বসে খাওয়া— সেমাই থাকে বিশেষ আকর্ষণ। প্রতিবার

2026-05-26T16:05:06+00:00
2026-05-26T16:05:06+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
ফিচার
ঈদে সেমাইয়ের ৫ পদ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৪:০৫ পিএম 
সংগৃহীত ছবি
ঈদের সকাল যেন সেমাই ছাড়া পূর্ণতা পায় না। অতিথি আপ্যায়ন থেকে পরিবারের একসঙ্গে বসে খাওয়া— সেমাই থাকে বিশেষ আকর্ষণ। প্রতিবার একই ধরনের সেমাই না বানিয়ে ভিন্ন স্বাদের কিছু মজাদার সেমাই তৈরি করতে পারেন। এতে খাবার টেবিলে যোগ হবে বাড়তি বৈচিত্র্য।

দুধ সেমাই


প্রয়োজনীয় উপকরণ
লাচ্ছা সেমাই – ২০০ গ্রাম
তরল দুধ – ১ লিটার
গুঁড়া দুধ – ১ কাপ
চিনি – ১ থেকে ২ কাপ
ঘি – ৩ টেবিল চামচ
এলাচ – ৩টি
দারুচিনি – ৩ টুকরা
তেজপাতা – ৩টি
কাঠবাদাম কুচি – ১ চা চামচ
কাজুবাদাম কুচি – ১ চা চামচ
কিশমিশ – ১ চা চামচ

প্রস্তুতপ্রণালি
প্রথমে একটি প্যানে সামান্য ঘি দিয়ে লাচ্ছা সেমাই বাদামি করে ভেজে তুলে রাখুন। অন্য পাত্রে দুধ জ্বাল দিন। দুধের মধ্যে এলাচ, দারুচিনি ও তেজপাতা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন। দুধ ঘন হয়ে এলে গুঁড়া দুধ ও বাকি ঘি মিশিয়ে নিন। এরপর হালকা গরম অবস্থায় ভাজা সেমাই দুধে দিয়ে দিন। কয়েক মিনিট রেখে বাদাম ও কিশমিশ ছড়িয়ে পরিবেশন করুন।

সেমাই শনপাপড়ি


প্রয়োজনীয় উপকরণ
লাচ্ছা সেমাই – ৩০০ গ্রাম
ঘি – ৩ টেবিল চামচ
গুঁড়া দুধ – ২ কাপ
চিনি – ১ কাপ
কাঠবাদাম কুচি – ১ চা চামচ
কাজুবাদাম কুচি – ১ চা চামচ
কিশমিশ – ১ চা চামচ

প্রস্তুতপ্রণালি
প্রথমে ঘি দিয়ে লাচ্ছা সেমাই ভালোভাবে ভেজে নিন। এরপর গুঁড়া দুধ ও চিনি দিয়ে আলতোভাবে মিশিয়ে নিন, যাতে সেমাই ভেঙে না যায়। ওপরে বাদাম কুচি ও কিশমিশ ছড়িয়ে পরিবেশন করুন। শুকনো ও মিষ্টি এই সেমাই মুখে দিলেই গলে যাবে।

শুকনো ঝরঝরে লাল সেমাই


প্রয়োজনীয় উপকরণ
লম্বা সেমাই – ২৫০ গ্রাম
চিনি – ১ থেকে ২ কাপ
নারিকেল কোরানো – ১ কাপ
মাওয়া – ১ কাপ
কিশমিশ – ৪ টেবিল চামচ
ঘি – ৩ টেবিল চামচ
এলাচ – ৩টি
দারুচিনি – ৩টি
তেজপাতা – ৩টি
লবণ – সামান্য


প্রস্তুতপ্রণালি
প্রথমে সেমাই ছোট করে ভেঙে নিন। এরপর ঘিতে তেজপাতা, এলাচ ও দারুচিনি ভেজে সেমাই দিন। সেমাই বাদামি হয়ে এলে চিনি, লবণ ও নারিকেল মিশিয়ে রান্না করুন। পরে কিশমিশ ও সামান্য পানি ছিটিয়ে দিন, যাতে সেমাই শক্ত না হয়ে যায়। শেষে মাওয়া মিশিয়ে নামিয়ে ফেলুন। ঝরঝরে এই লাল সেমাই গরম গরম খেতে সবচেয়ে ভালো লাগে।

লাচ্ছা সেমাইয়ের খিরসা


প্রয়োজনীয় উপকরণ
লাচ্ছা সেমাই – ২২৫ গ্রাম
ঘি – ১৫০ গ্রাম
তরল দুধ – ৩ কাপ
গুঁড়া দুধ – ১ কাপ
কাস্টার্ড পাউডার – ২ টেবিল চামচ
চিনি – আধা কাপ
পেস্তাবাদাম – ১০০ গ্রাম
জাফরান রং – সামান্য

সিরার জন্য
পানি – ১ কাপ
চিনি – ১ কাপ
লেবুর রস – ১ টেবিল চামচ

প্রস্তুতপ্রণালি
ঘি দিয়ে লাচ্ছা সেমাই ভেজে তুলে রাখুন। সামান্য ভাজা সেমাইয়ের সঙ্গে জাফরান রং মিশিয়ে আলাদা রাখুন। অন্য পাত্রে তরল দুধ, গুঁড়া দুধ, কাস্টার্ড পাউডার ও চিনি মিশিয়ে ঘন খিরসা তৈরি করুন। এরপর পানি, চিনি ও লেবুর রস দিয়ে সিরা বানান। একটি পাত্রে প্রথমে সেমাই, তারপর খিরসার স্তর দিন। একইভাবে আরেকটি স্তর তৈরি করে ওপরে জাফরান মেশানো সেমাই ছড়িয়ে দিন। শেষে সিরা ঢেলে কিছুক্ষণ বেক করুন। ঠান্ডা হলে বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

মালাই ক্ষীর সেমাই


প্রয়োজনীয় উপকরণ
দুধ – দেড় লিটার
সেমাই – ১ কাপ
মালাই – আধা কাপ
কাজু, কিশমিশ, পেস্তা ও কাঠবাদাম – আধা কাপ
ঘি – ২ টেবিল চামচ
এলাচ ও দারুচিনি – ৬ থেকে ৭টি
জাফরান – সামান্য
চিনি – স্বাদমতো

প্রস্তুতপ্রণালি
প্রথমে দুধ জ্বাল দিয়ে অর্ধেকের কম পরিমাণে নামিয়ে নিন। অন্য প্যানে ঘি গরম করে এলাচ ও দারুচিনি ভেজে বাদাম, কিশমিশ ও সেমাই দিন। হালকা ভাজা হলে ঘন দুধ মিশিয়ে রান্না করুন। সেমাই সিদ্ধ হয়ে এলে মালাই ও জাফরান দিয়ে নেড়ে নামিয়ে ফেলুন। এরপর ছোট বাটিতে ঢেলে ফ্রিজে রেখে ঠান্ডা করুন। ওপরে বাদাম ছড়িয়ে পরিবেশন করুন।

ঈদের দিনে একঘেয়ে রান্নার বদলে ভিন্ন স্বাদের এসব সেমাই আপনার খাবারের আয়োজনে এনে দেবে নতুন মাত্রা। পরিবার ও অতিথিদের সঙ্গে উপভোগ করুন ঈদের মিষ্টিমাখা আনন্দ।

/মহু



  বিষয়:   ঈদ  সেমাই  পদ  রেসিপি  দুধ সেমাই  সেমাই শনপাপড়ি  শুকনো ঝরঝরে লাল সেমাই  লাচ্ছা সেমাইয়ের খিরসা  মালাই ক্ষীর সেমাই 


Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: