খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সার্কিট হাউজ মাঠে আসন্ন ঈদুল আজহার প্রধান জামাত আয়োজনের প্রস্তুতিমূলক কাজ পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২৬ মে) সকালে তিনি পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে কেসিসি প্রশাসক গণমাধ্যমকর্মীদের জানান, সার্কিট হাউজ মাঠে ঈদুল আজহার জামাত সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থা নিজ নিজ দায়িত্ব পালন করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মেনে সবাই যৌথভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি আরও জানান, কোরবানির ঈদে নগরবাসীর সুবিধার্থে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নির্দিষ্ট ১৪০টি স্থান নির্ধারণ করা হয়েছে। তিনি নগরবাসীকে ড্রেনে বর্জ্য বা রক্ত না ফেলে নির্দিষ্ট স্থানে কোরবানির বর্জ্য রাখার আহ্বান জানান। এসব স্থান ও রাস্তাঘাট পরিষ্কার করতে কেসিসির পরিচ্ছন্নতাকর্মীরা পর্যাপ্ত ব্লিচিং পাউডার ও স্যাভলন ব্যবহার করবেন। ঈদের দিন বেলা ২টা থেকে রাত ১০টার মধ্যে শহরের সমস্ত বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
নিরাপত্তার বিষয়ে প্রশাসক বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক নিরাপত্তা জোরদার করেছে এবং নদীপথেও বিশেষ টহল চালু রয়েছে। ফলে নগরবাসী সম্পূর্ণ স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার সাথে ঈদের জামাতে অংশ নিতে এবং ঈদ উদযাপন করতে পারবেন।
উল্লেখ্য, এবারই প্রথম মহিলারা পর্দা সহকারে খুলনা সার্কিট হাউজ ময়দানে ঈদের জামাতে নামাজ আদায় করতে পারবেন।
পরিদর্শনকালে খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, কেএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, র্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহম্মেদ, কেসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, জেলা প্রশাসক হুরে জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, মহানগর বিএনপির সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, কেসিসি, কেএমপি কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খুলনা সার্কিট হাউজ মাঠে ঈদুল-আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। দ্বিতীয় জামাত সকাল ৮টায় ও তৃতীয় জামাত সকাল ৯টায় খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে খুলনা টাউন জামে মসজিদে সকাল ৭টায় প্রথম জামাত, ৮টায় দ্বিতীয় এবং সকাল ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া সকাল সাড়ে ৭টায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে এবং সকাল সোয়া ৭টায় নূরনগর মেট্রোপলিটন মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সময়ের আলো/জোই