কন্যা সন্তানের নিরাপত্তায় শটগান চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন

আমতলী (বরগুনা) প্রতিনিধি

সারাদেশ

বরগুনার আমতলী উপজেলার এক ব্যক্তি তার চার বছর বয়সী কন্যা সন্তানের নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ব্যক্তিগতভাবে একটি শটগান বরাদ্দ

2026-05-26T18:37:33+00:00
2026-05-26T21:35:45+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কন্যা সন্তানের নিরাপত্তায় শটগান চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৬:৩৭ পিএম  আপডেট: ২৬.০৫.২০২৬ ৯:৩৫ পিএম
সংগৃহীত ছবি
বরগুনার আমতলী উপজেলার এক ব্যক্তি তার চার বছর বয়সী কন্যা সন্তানের নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ব্যক্তিগতভাবে একটি শটগান বরাদ্দ চেয়ে আবেদন করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আবেদনপত্রটি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া আবেদনপত্রে দেখা যায়, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডালাচাড়া গ্রামের বাসিন্দা মাসুদুল ইসলাম গত ২১ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনটি করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে শিশুদের প্রতি সহিংসতা, নির্যাতন ও অনিরাপত্তার ঘটনা দেখে তিনি উদ্বিগ্ন ও আতঙ্কিত হয়ে পড়েছেন। এ কারণে কন্যা সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে নিজের নামে একটি শটগান বরাদ্দ চেয়েছেন।

আবেদনে তিনি আরও উল্লেখ করেন, ‘সন্তান আমার, রাষ্ট্রের নয়। তাই সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে আমি নিজেই দায়িত্ব নিতে চাই।’ একই সঙ্গে জননিরাপত্তা বিভাগের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানান তিনি।

তবে আবেদনকারী মাসুদুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। ফলে আবেদনটির সত্যতা ও এর পেছনের প্রকৃত প্রেক্ষাপট সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে মাসুদুল ইসলামের স্ত্রী জানান, সম্প্রতি শিশু রাইসাকে ঘিরে ঘটে যাওয়া আলোচিত ঘটনার ছবি দেখে তার স্বামী মানসিকভাবে ভেঙে পড়েন। উদ্বেগ ও আতঙ্ক থেকেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে সরকারি চাকরিতে কর্মরত থাকায় চাকরিগত জটিলতার আশঙ্কায় পরে সিদ্ধান্ত পরিবর্তনের কথাও ভাবছেন বলে জানান তিনি। যদিও তার স্বামী কোন পদে চাকরি করেন, সে বিষয়ে বিস্তারিত বলতে রাজি হননি।

স্থানীয়দের দাবি, মাসুদুল ইসলাম লেবুখালী ক্যান্টনমেন্ট এলাকায় সরকারি চাকরিতে কর্মরত রয়েছেন। তবে তিনি সৈনিক নাকি অন্য কোনো পদে কর্মরত, সে বিষয়ে নিশ্চিত তথ্য জানা যায়নি।


এদিকে আবেদনপত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বিষয়টিকে একজন উদ্বিগ্ন বাবার মানসিক উৎকণ্ঠার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার প্রতি অনাস্থার প্রতীক হিসেবে মন্তব্য করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী রাসেল হোসাইন লিখেছেন, ‘কন্যা সন্তানের নিরাপত্তার জন্য শটগান চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর এক বাবার আবেদন। বিষয়টি সত্য কিনা জানি না। তবে একটি লাইন মনে দাগ কেটেছে— ‘সন্তান আমার, রাষ্ট্রের নয়।’

তৌকির আহমেদ নামে আরেকজন মন্তব্য করেন, ‘কন্যা সন্তান রক্ষায় শটগান চেয়ে আবেদন— এটি আসলে সন্তানের নিরাপত্তার বিষয়ে রাষ্ট্রের প্রতি অনাস্থার বহিঃপ্রকাশ।’

মো. দিদারুল আলম লিখেছেন, ‘এটি কেবল অস্ত্রের আবেদন নয়, বর্তমান সামাজিক অবক্ষয় ও শিশুদের প্রতি বাড়তে থাকা সহিংসতার মুখে একজন অসহায় বাবার বুকফাটা আর্তনাদ।’

ভাইরাল হওয়া আবেদনপত্রের বিষয়ে বরগুনা জেলা প্রশাসক তাসলিমা আক্তার বলেন, এ আবেদনের বিষয়ে আমি জানি না। একই সঙ্গে আবেদনপত্রটির সত্যতাও এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

সময়ের আলো/জোই


  বিষয়:   কন্যা সন্তান  নিরাপত্তা  শটগান  স্বরাষ্ট্র মন্ত্রণালয়  আবেদন  আলোচনা  সমালোচনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: