ভোলার মনপুরায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে পাঁচ ব্যবসায়ীর টিনশেড দোকানঘর বিধ্বস্ত হয়েছে। ওই সময় ব্যবসায়ীদের দোকানঘরের পাশাপাশি মালামাল মেঘনায় নদীতে পড়ে ভেসে যায়।
মঙ্গলবার (২৬ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ লঞ্চঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, মো. এনায়েতের মুদি দোকান, আব্দুর রহমানের কনফেকশনারির দোকান, সোহেলের টি-স্টল, রাশেদের কনফেকশনারি দোকানঘর ও শরীফের মুদি দোকান।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে তারা দোকানে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী ও বিভিন্ন মালামাল তুলেছিলেন। কিন্তু হঠাৎ করে শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে দোকানঘরগুলো ভেঙে পড়ে এবং অনেক মালামাল পাশের নদীতে ভেসে যায়। এতে তাদের ১৫ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।
ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মুদি ব্যবসায়ী মো. এনায়েত বলেন, ঈদ উপলক্ষে অনেক কষ্ট করে দোকানে মাল তুলেছিলাম। কিন্তু কয়েক মিনিটের ঝড়েই সব শেষ হয়ে গেছে। এখন কীভাবে ফের ব্যবসা শুরু করবেন বলে কান্নায় ভেঙে পড়েন।
এই ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু মুসা জানান, ক্ষয়ক্ষতির বিষয়টি আমরা খোঁজ-খবর নিচ্ছি। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই