সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামে অর্ধশতাধিক পরিবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডহরশংকর গ্রামের দারুস সুন্নাহ জামে মসজিদের সভাপতি মো. রিপন হাওলাদার।
বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭টায় স্থানীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে ইমামতি করেন দারুস সুন্নাহ জামে মসজিদের খতিব মো. আব্দুল্লাহ।
সভাপতি মো. রিপন হাওলাদার বলেন, ২০১১ সাল থেকে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছি। শুরুতে এ নিয়ে নানা বাধার সম্মুখীন হতে হলেও বর্তমানে আর কোনো সমস্যা নেই।
২০১১ সাল থেকে গ্রামের ৫০টির বেশি পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছেন। তাদের দাবি, পূর্বপুরুষদের সময় থেকে এ ধারা চলে আসছে এবং বর্তমানে এটি এলাকাবাসীর কাছে একটি স্বতন্ত্র ধর্মীয় চর্চা হিসেবে পরিচিতি পেয়েছে।
ঈদ উপলক্ষে ইতোমধ্যে গ্রামের বাড়িগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে। ঘরে ঘরে তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের খাবার ও মিষ্টান্ন।
দারুস সুন্নাহ জামে মসজিদের মুসল্লি গাজী রবিউল ইসলাম অনিক, সাওকাত হাওলাদার ও অলিউল্লাহ বলেন, নবীজি (সা.) চাঁদ দেখার ভিত্তিতে রোজা ও ঈদ পালনের নির্দেশ দিয়েছেন। আমরা শরিয়তের বিধান অনুযায়ী ইসলাম ধর্ম পালন করে থাকি।
মসজিদের খতিব মো. আব্দুল্লাহ বলেন, আমরা চাঁদ দেখার ওপর নির্ভর করেই রোজা শুরু করি এবং ঈদ উদযাপন করি। সৌদি আরবে ঈদের ঘোষণা আসার পর থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি। প্রতি বছরের মতো এবারও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে গ্রামের মুসল্লিরা ঈদুল আজহার নামাজ আদায় করবেন। নারী ও পুরুষের জন্য আলাদা জামাতের ব্যবস্থা রাখা হয়েছে।
সময়ের আলো/জোই