প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীদের মাঠে থেকে উৎসাহ দেওয়ার ভিডিও ভাইরাল হওয়া ফেনীর সহকারী শিক্ষিকা সৈয়দা খালেদা আক্তার পারভীনকে ঈদ উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৭ মে) রাতে ফেনী শহরের শহিদ সেলিনা পারভীন সড়কে ওই শিক্ষিকার বাসায় গিয়ে প্রধানমন্ত্রীর পক্ষে উপহার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মনিরা হক।
জানা যায়, গত ২৯ এপ্রিল ফেনী পিটিআই স্কুল মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের সেমিফাইনালে অংশ নেয় সদর উপজেলার গিল্লাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেদিন খেলা চলাকালীন প্রচণ্ড বৃষ্টির মাঝেও মাঠের পাশে দাঁড়িয়ে গিল্লাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দা খালেদা আক্তার পারভীন নিজের স্কুলের শিক্ষার্থীদের প্রতিনিয়ত উৎসাহ ও নির্দেশনা দিচ্ছিলেন। সেই অনুপ্রেরণা দেওয়ার একটি মুহূর্ত মোবাইল ফোনে ধারণ করেন প্রাথমিক শিক্ষা কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবদুল মতিন। পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ব্যাপক ইতিবাচক সাড়া ফেলে এবং একপর্যায়ে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর জেলা প্রশাসন ওই শিক্ষিকার বাড়িতে উপহার নিয়ে যান।
সহকারী শিক্ষিকা সৈয়দা খালেদা আক্তার পারভীন বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার পাঠিয়েছেন। বিষয়টি আমার জন্য অনেক বড় পাওয়া।
ফেনী জেলা প্রশাসক মনিরা হক বলেন, ফুটবল খেলা চলাকালীন সৈয়দা খালেদা আক্তার পারভীন ম্যাডাম বৃষ্টিতে ভিজে তার বিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎসাহ দিচ্ছিলেন। তখনকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর নির্দেশনার পেয়ে ওই শিক্ষিকার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার দেওয়া হয়। শিক্ষিকার এমন উৎসাহ দেওয়ার বিষয়টি শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণামূলক ও অত্যন্ত ইতিবাচক।
সময়ের আলো/জোই