বরিশালের বানারীপাড়ায় পবিত্র ঈদুল আজহার আগের দিন দল থেকে বহিষ্কারের দুঃসংবাদ পেলেন উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা আবু সাঈদ।
বুধবার (২৭ মে) সকালে বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা স্বাক্ষরিত এক পত্রে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে মাওলানা আবু সাঈদকে উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়।
বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ) আহ্বায়ক-সদস্য সচিব ও স্থানীয় সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টুকে এর অনুলিপি দেওয়া হয়েছে। এদিকে তার এ বহিষ্কারে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন বহিষ্কারটা কোরবানির পরেও করা যেতো। কোরবানির আগের দিন দলীয় পদ থেকে তাকে কোরবানি
দেওয়া হলো।
এ বিষয়ে উপজেলার লবণসাড়া হালিমা খাতুন আলিম মাদরাসার প্রভাষক বহিষ্কৃত বিএনপি নেতা মাওলানা আবু সাঈদ বলেন, ন্যায়ের পক্ষে থাকায় ও মাদকবিরোধী অবস্থান নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা বলেন, মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যসহ আমাদের দলের নেতৃবৃন্দের অবস্থান জিরো টলারেন্স। মাওলা আবু সাঈদের অভিযোগ সঠিক নয়। মূলত দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে বার বার সতর্ক করার পরেও সংশোধন না হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সময়ের আলো/জোই