প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে সন্দেহভাজন একটি মাদক পাচারকারী নৌকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এ ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন এবং আরও দুইজন সমুদ্রে আটকা পড়েছেন বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা।
মার্কিন সাউদার্ন কমান্ড জানিয়েছে, অভিযানে একজন মাদক-সন্ত্রাসী নিহত হয়েছেন। হামলার পরপরই জীবিত দুইজনকে উদ্ধারে মার্কিন কোস্ট গার্ডকে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, দ্রুতগতিতে চলা একটি নৌকা হঠাৎ বিস্ফোরণে পুড়ে যায়। তবে ভিডিওতে কোনো জীবিত ব্যক্তিকে দেখা যায়নি।
যুক্তরাষ্ট্র দাবি করেছে, নৌকাটি পরিচিত মাদক পাচার রুট দিয়ে চলছিল এবং এটি একটি সন্ত্রাসী সংগঠন পরিচালনা করছিল। যদিও এ দাবির পক্ষে বিস্তারিত কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি।
ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গত সেপ্টেম্বর থেকে সাউদার্ন স্পিয়ার নামে একটি অভিযান চালিয়ে আসছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের হিসাব অনুযায়ী, এ ধরনের অভিযানে এখন পর্যন্ত অন্তত ১৯৪ জন নিহত হয়েছেন।
তবে এই হামলাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন ও আইনি বিশেষজ্ঞরা। তাদের মতে, যথেষ্ট প্রমাণ ছাড়াই সন্দেহভাজন নৌকায় প্রাণঘাতী হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রশ্ন তুলছে।
/ইউএমএইচ