দিনাজপুরে এশিয়ার বৃহত্তম ঈদগাহ ময়দানে দেশের সবচেয়ে বড় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৮টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।
প্রায় ২২ একর জমি নিয়ে বিস্তৃত দিনাজপুরের ঐতিহাসিক গোর এ শহিদ বড় ময়দান তথা এশিয়ার বৃহত্তম ঈদগাহ ময়দান। এখানে ঈদ জামাতে নামাজ আদায়ের জন্য দিনাজপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিদের শান্তিপূর্ণভাবে ইবাদতের ব্যবস্থা করতে নানা ব্যবস্থা গ্রহণ করে জেলা প্রশাসন ও দিনাজপুর পৌরসভা কর্তৃপক্ষ।
আরও পড়ুন
দিনাজপুর পৌর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ওযু, যানবাহন রাখার ব্যবস্থা, মেডিকেল টিম ও খাবার পানির ব্যবস্থা করা হয়। ঈদগাহ মাঠে অর্ধশতাধিকের বেশি মাইক স্থাপন করা হয়। এছাড়া ১০টি গেট ও দুইটি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়। দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
সকাল সাড়ে ৮টা বাজার আগেই ঈদগাহ মাঠে মুসল্লিরা এসে উপস্থিত হন। এই জামাতে ইমামতি করেন দিনাজপুরের বিশিষ্ট আলেমে দ্বীন জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা মতিউর রহমান কাসেমী।
এই মাঠে নামাজ আদায় করেন দিনাজপুর সদর আসনে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, দিনাজপুর পৌরসভার প্রশাসক মো.রিয়াজ উদ্দিন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ, শিশু, কিশোর ও বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এছাড়া দিনাজপুর জেলা শহরের উপশহর ৭নং ঈদগাহ মাঠ, ঈদগাহবস্তী মাঠ, চাউলিয়াপট্টি-দক্ষিণ লালবাগ ঈদগাহ মাঠ, পশ্চিম পাটুয়াপাড়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ,বালুয়াডাঙ্গা ঈদগাহ মাঠ, লালবাগ ফুটবল খেলার মাঠ, ইকবাল স্কুল মাঠ, তফিউদ্দিন মেমোরিয়াল স্কুল ঈদগাহ মাঠ, সুইহারি ঈদগাহ মাঠসহ জেলা শহরের অর্ধশতাধিক ঈদগাহ মাঠ ও মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
এএডি/