পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেওয়ার পর বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে রাজধানীর জিয়া উদ্যান ও বনানী কবরস্থানে পরিবারের সদস্যদের কবর জিয়ারত করেন তিনি।
জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায়ের পর স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে প্রথমে জিয়া উদ্যানে যান প্রধানমন্ত্রী। সেখানে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াুর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এ সময় মন্ত্রিসভার কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন।
এরপর প্রধানমন্ত্রী বনানী কবরস্থানে গিয়ে ছোট ভাই আরাফাত রহমান কোকো এবং শ্বশুর মাহবুব আলীর কবর জিয়ারত করেন। পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
আরও পড়ুন
এর আগে সকাল সাড়ে ৭টায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত দেশের প্রধান ঈদ জামাতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই জামাতে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য ও বিদেশি কূটনীতিকরাও সেখানে উপস্থিত ছিলেন।
ঈদ উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ঈদুল আজহা আত্মত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগ ও আনুগত্যের আদর্শ মানবজাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে আছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, ঈদের এই শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বিশ্ব মুসলিম উম্মাহ এবং সমগ্র মানবজাতির শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করেন।
এএডি/