পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের ঢল ও যানবাহনের চাপ সামাল দিতে গিয়ে যমুনা সেতুতে ছয় দিনে বিপুল পরিমাণ টোল আদায় হয়েছে। ঈদযাত্রার এই সময়কালে সেতু থেকে মোট ২০ কোটি ৪১ লাখ টাকারও বেশি রাজস্ব সংগ্রহ করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৮ মে) যমুনা সেতু সাইট অফিস ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২২ মে থেকে ২৭ মে পর্যন্ত ছয় দিনে সেতুর দুই প্রান্ত দিয়ে মোট ২ লাখ ৬২ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে। এই সময়ে ধারাবাহিকভাবে বেড়েছে যানবাহনের চাপ, বিশেষ করে ঈদের আগের দিনগুলোতে।
সর্বশেষ ২৪ ঘণ্টার হিসাবে ২৭ মে তারিখে পূর্ব ও পশ্চিম প্রান্ত মিলিয়ে প্রায় ৪৫ হাজার ৮০০ যানবাহন সেতুটি অতিক্রম করে। ওই দিনেই টোল আদায় হয় ৩ কোটি ৩৪ লাখ টাকার বেশি।
আরও পড়ুন
এর আগের দিনগুলোতেও টোল আদায় ছিল লক্ষণীয়ভাবে বেশি। ২৬ মে একদিনেই ৫৬ হাজারের বেশি যানবাহন পারাপার হয়, যেখানে টোল আদায় হয় প্রায় ৩ কোটি ৮৩ লাখ টাকা। ২৫ মে ও ২৪ মে-তেও তিন কোটির ওপরে টোল আদায় হয় প্রতিদিন।
ঈদযাত্রার প্রথম দিন ২২ মে থেকে প্রতিদিনই যমুনা সেতু ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। তবে যানবাহনের চাপ থাকা সত্ত্বেও সিরাজগঞ্জ অংশের মহাসড়কে বড় ধরনের দীর্ঘ যানজট তুলনামূলকভাবে কম দেখা গেছে।
এএডি/