ময়মনসিংহে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক মুসল্লি উপস্থিতির মধ্য দিয়ে। নগরীর ঐতিহ্যবাহী আঞ্জুমান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় প্রধান ঈদের জামাত।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা ঈদগাহে আসতে শুরু করেন, আর জামাত শুরুর আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
বৈরি আবহাওয়ার মধ্যেও বিপুল সংখ্যক মানুষ ঈদের নামাজে অংশ নেন। জামাতে ইমামতি করেন হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মামুন।
আরও পড়ুন
ঈদের প্রধান জামাতে স্থানীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, জেলা প্রশাসক সাইফুর রহমানসহ প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সাধারণ মুসল্লিদের অংশগ্রহণেও পুরো ঈদগাহ এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বিশেষভাবে দেশে চলমান হামের প্রাদুর্ভাব থেকে মুক্তি, আক্রান্তদের দ্রুত সুস্থতা এবং সার্বিক স্বাস্থ্য পরিস্থিতির উন্নতির জন্য দোয়া করা হয়। পাশাপাশি সমাজে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ত্যাগের চেতনা আরও বিস্তৃত করার আহ্বান জানানো হয়।
এএডি/