মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্যচুক্তিগুলো জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি বলেন, দেশের অধিকার ক্ষুণ্ণ হয়- এমন কোনো সিদ্ধান্ত ভবিষ্যতে গ্রহণ করা হবে না।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, পূর্ববর্তী সরকারের সময় যেসব আন্তর্জাতিক চুক্তি সম্পাদিত হয়েছে, সেগুলোর অনেক বিষয় জনসম্মুখে স্পষ্টভাবে আসেনি। তাই বর্তমান বাস্তবতায় সেসব চুক্তির শর্ত ও প্রভাব খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছে বিএনপি।
আরও পড়ুন
তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থ বিবেচনায় রেখেই ভবিষ্যৎ পদক্ষেপ নেওয়া হবে। জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
সকাল ৮টায় অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে ইমামতি করেন আনন্দবাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবু বক্কর সিদ্দিক। জামাতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এএডি/