আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া তীব্র সামরিক সংঘাত ও একে অপরের ওপর দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলার জের ধরে বিশ্ব শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা দিয়েছে। বিশেষ করে এশিয়ার উদীয়মান বাজারগুলোর (ইমার্জিং মার্কেটস) শেয়ারের দাম রেকর্ড উচ্চতা থেকে এক ধাক্কায় অনেকটাই নিচে নেমে গেছে।
আন্তর্জাতিক বাজার সূচক অনুযায়ী, এশীয় অঞ্চলের শেয়ারবাজারের অন্যতম প্রধান নির্দেশক ‘এমএসসিআই ইএম এশিয়া ইনডেক্স’ বৃহস্পতিবার (২৮ মে) এক দিনেই ২ শতাংশের বেশি পতন রেকর্ড করেছে, যা গত এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে এই সূচকের সবচেয়ে বড় ধস।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আকস্মিক অবনতিতে এশিয়ার প্রায় সবকটি প্রধান শেয়ারবাজারেই লাল বাতি জ্বলতে দেখা গেছে। সিঙ্গাপুরের ‘এফটিএসই স্ট্রেইটস টাইমস ইনডেক্স’ প্রায় ০.৭ শতাংশ হ্রাস পেয়েছে। অন্যদিকে থাইল্যান্ড এবং ফিলিপাইনের শেয়ারবাজারের সূচকগুলো ১ থেকে ১.৮ শতাংশ পর্যন্ত বড় অঙ্কের পয়েন্ট হারিয়েছে।
বাজারের এই আকস্মিক নেতিবাচক মোড় নিয়ে ইন্দোনেশিয়ার ত্রিমগাহ সেকুরিতাসের প্রধান অর্থনীতিবিদ ফখরুল ফুলভিয়ান বলেন, শেয়ারবাজারগুলো ভূ-রাজনৈতিক স্থিতিশীলতার আশায় একটু বেশি দ্রুততার সাথে ইতিবাচকভাবে এগোচ্ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারীরা এখন কোনো কাল্পনিক বা চটকদার খবরের ওপর ভরসা না করে প্রকৃত কূটনৈতিক অগ্রগতির জন্য অপেক্ষা করছেন। ফলে তারা আপাতত বাজার থেকে নিজেদের বিনিয়োগ আংশিক প্রত্যাহার (আনউইন্ডিং) করে নিচ্ছেন।
/কহু