দেশের ছয়টি অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এই সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর এবং নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই বৈরী আবহাওয়ার কারণে উল্লিখিত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে নদীবন্দরে থাকা সব ধরনের নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্কতার সাথে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে গরমের পরিস্থিতি নিয়ে কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অফিস। তারা জানায়, আজ দেশের তাপমাত্রা খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই। কিছু কিছু এলাকায় ভ্যাপসা গরম অনুভূত হলেও সার্বিক আবহাওয়া বর্তমান তাপমাত্রার কাছাকাছিই থাকবে। ফলে ঈদের দিনে অতিরিক্ত তীব্র তাপদাহের কোনো শঙ্কা নেই।
সময়ের আলো/জেডি