ইরাকে মিসাইল হামলায় নিহত মুন্সীগঞ্জ সদর উপজেলার বকুলতলা গ্রামের প্রবাসী মোহাম্মদ শ্রাবনের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় বকুলতলা হাজী আব্দুল করিম উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
শুক্রবার ভোর ৫টা ১৫ মিনিটে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সরকারি ব্যবস্থাপনায় মোহাম্মদ শ্রাবনের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন।
নিহত মোহাম্মদ শ্রাবন (পাসপোর্ট নম্বর: EJ 0820327) মুন্সীগঞ্জ সদর উপজেলার বকুলতলা গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ নলি মিয়ার ছেলে। জীবিকার সন্ধানে প্রায় ১০ বছর আগে তিনি ইরাকের রাজধানী বাগদাদে পাড়ি জমান। সম্প্রতি বাগদাদে যুদ্ধকালীন পরিস্থিতিতে নিক্ষিপ্ত একটি মিসাইলের আঘাতে তিনি নিহত হন।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, ইরাকে নিহত হওয়ার প্রায় দুই মাস পর শুক্রবার দুপুরে মোহাম্মদ শ্রাবন ওরফে হবি পাইকের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। পরে সকল আনুষ্ঠানিকতা শেষে বিকেল সাড়ে ৩টায় সামাজিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
/এসএকে